নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩৪, ১৪ অক্টোবর ২০২৬

‘সাইবার অপরাধ দমনে আট বিভাগে ফরেনসিক ল্যাব স্থাপনের উদ্যোগ’

‘সাইবার অপরাধ দমনে আট বিভাগে ফরেনসিক ল্যাব স্থাপনের উদ্যোগ’

ছবি: সংগৃহীত

সাইবার অপরাধ, ডিজিটাল প্রতারণা এবং অনলাইন আর্থিক জালিয়াতি কঠোর হাতে দমনে দেশের আটটি বিভাগীয় সদরে দ্রুত ডিজিটাল ফরেনসিক পরীক্ষাগার স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। একই সঙ্গে কেন্দ্র থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত পুলিশের ডিজিটাল তদন্ত ও বৈজ্ঞানিক বিশ্লেষণ সক্ষমতা আরও সুসংহত করা হচ্ছে।

বুধবার (১৪ অক্টোবর) সকালে চট্টগ্রাম মহানগর পুলিশ লাইন্সের দামপাড়ায় সাইবার পুলিশ কেন্দ্র ও ডিজিটাল ফরেনসিক পরীক্ষাগার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। কোরিয়া প্রজাতন্ত্রের সরকার এবং কোরিয়া ইন্টারন্যাশনাল কোয়াপারেশন এজেন্সির (কোইকা) আর্থিক ও কারিগরি সহযোগিতায় এ আধুনিক অবকাঠামো গড়ে তোলা হয়েছে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে অপরাধের ধরন প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। বর্তমান ডিজিটাল যুগে সাইবার স্পেস ব্যবহার করে নানামুখী প্রতারণা, অপরাধমূলক কার্যক্রম এমনকি শেয়ারবাজারে কারসাজির মতো ঘটনাও ঘটছে। এসব আধুনিক অপরাধ নিখুঁতভাবে উদ্ঘাটন, ডিজিটাল আলামত সংগ্রহ ও সঠিক বিচারিক প্রতিবেদন নিশ্চিত করতে ডিজিটাল ফরেনসিক ল্যাবের কোনো বিকল্প নেই। অপরাধের পরিবর্তিত চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ বাহিনীকে আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি, লজিস্টিক সুবিধা ও বিশেষ প্রশিক্ষণ দিয়ে সম্পূর্ণ প্রস্তুত করা হচ্ছে।

সিআইডির ভূমিকা ও সম্প্রসারণ নিয়ে মন্ত্রী জানান, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিষ্ঠালগ্ন থেকেই রাসায়নিক পরীক্ষাগার সফলভাবে পরিচালনা করে আসছে। তবে বর্তমান প্রেক্ষাপটে বিচারপ্রার্থীদের ন্যায়বিচার প্রাপ্তির প্রক্রিয়া আরও দ্রুত ও গতিশীল করতে পরীক্ষাগারগুলোর কার্যক্রমের পরিধি এবং সক্ষমতা বহুগুণ বাড়ানো জরুরি হয়ে পড়েছে। নতুন এই ডিজিটাল ফরেনসিক পরীক্ষাগারটি সিআইডির নেতৃত্বে পরিচালিত হলেও ডিজিটাল আলামত বিশ্লেষণ ও পরীক্ষার ক্ষেত্রে পুলিশের অন্যান্য ইউনিটের সঙ্গে কার্যকর সমন্বয় বজায় রাখা হবে।

আরও পড়ুন: বিরোধী দল না এলেও সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

এর আগে গত ১ অক্টোবর থেকে অতিরিক্ত আইজিপির নেতৃত্বে একটি বিশেষায়িত পুলিশ সাইবার ইউনিট আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করেছে। এছাড়া বাংলাদেশ পুলিশের ডিজিটাল তদন্ত ও সাইবার অপরাধ মোকাবিলার সক্ষমতা বাড়াতে কোইকার সহায়তায় ডিজিটাল বাংলাদেশের জন্য নিরাপদ সাইবার পরিসর শীর্ষক একটি বিশেষ প্রকল্প বাস্তবায়িত হয়েছে। ২০২৩ সালের ১৮ এপ্রিল একনেক সভায় অনুমোদিত প্রায় ৫৯ কোটি ৮ লাখ ৬৮ হাজার টাকা ব্যয়ের এ প্রকল্পের আওতায় সিআইডি সদর দপ্তরে আধুনিক অবকাঠামো নির্মাণসহ দক্ষ জনবল গড়ে তুলতে দেশীয় ও আন্তর্জাতিক প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে।

স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন যে, সরকারের সুনির্দিষ্ট দায়িত্ব রয়েছে, তবে কোনো ধরনের চ্যালেঞ্জ দেখছেন না। এছাড়া অপরাধ দমন করতে গিয়ে পুলিশ বাহিনীর ওপর হামলা বা আসামি গ্রেফতারে বাধা দেওয়ার অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে এবং এ ধরনের কার্যক্রমে সহযোগিতাকারীদের বিরুদ্ধেও তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত মহাপরিদর্শক ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসাইনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান এবং বাংলাদেশ পুলিশের আইজিপি আলী হোসেন ফকির। এ ছাড়া অনুষ্ঠানে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক সরদার নুরুল আমিন ও কোইকার বাংলাদেশ কার্যালয়ের পরিচালক জি-হুন কিমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়