নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৫৫, ১৪ অক্টোবর ২০২৬

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য ল্যাব পরিদর্শন প্রধানমন্ত্রীর

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য ল্যাব পরিদর্শন প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং ভেজালবিরোধী কার্যক্রম আরও গতিশীল করতে সচিবালয়ে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্যান) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বুধবার (১৪ অক্টোবর) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশের আগে মন্ত্রিপরিষদ বিভাগের নিচে রাখা ভ্রাম্যমাণ পরীক্ষাগারে যান তিনি এবং এর সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী পরীক্ষাগারটির ভেতরে প্রবেশ করে সরাসরি খাদ্যের নমুনা সংগ্রহ ও তা পরীক্ষার পুরো প্রক্রিয়াটি গভীরভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে ল্যাবরেটরির কার্যাবলি ও ভেজালবিরোধী কার্যক্রমের আপডেট সম্পর্কে অবহিত করেন।

কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানান, দেশের ৬৪টি জেলায় ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে খাদ্যের নমুনা পরীক্ষা ও তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে। বর্তমানে দেশের আটটি মহানগর এলাকায় ভ্রাম্যমাণ পরীক্ষাগারের মাধ্যমে এই কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে। তবে জনস্বার্থে এই কার্যক্রম শুধু মহানগরীতে সীমাবদ্ধ না রেখে পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলাই এর আওতায় নিয়ে আসার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে সরকারের। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পৃথকভাবে এসব তদারকি ও আইনি পদক্ষেপ পরিচালিত হয়ে আসছে।

আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

খাদ্য খাতের তদারকি ও সক্ষমতা বাড়াতে বর্তমান সরকারের পরিকল্পনা তুলে ধরে জানানো হয়, চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় নতুন করে ৭২টি ভ্রাম্যমাণ পরীক্ষাগার ভ্যান সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে। এই ভ্যানগুলো যুক্ত হলে ভেজালবিরোধী অভিযান আরও প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।

এদিকে, কেবল আইনি পদক্ষেপ বা পরীক্ষা-নিরীক্ষায় সীমাবদ্ধ না থেকে সাধারণ মানুষের মধ্যে খাদ্য নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়াতেও ভ্রাম্যমাণ পরীক্ষাগারগুলোতে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি ভ্যানের বাইরের অংশে স্থাপিত মনিটরে নিয়মিত নিরাপদ খাদ্যবিষয়ক সচেতনতামূলক ভিডিও ও বার্তা প্রচার করা হয়, যা সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি করছে।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম, সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং জনপ্রশাসনসচিব কামরুজ্জামান চৌধুরীসহ খাদ্য মন্ত্রণালয় ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়