স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৪, ১০ জুলাই ২০২৬

যুগ্ম-সচিব পদে পদোন্নতি পেলেন ১৭৯ কর্মকর্তা

যুগ্ম-সচিব পদে পদোন্নতি পেলেন ১৭৯ কর্মকর্তা

ছবি: সংগৃহীত

একযোগে ১৭৯ জন উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পর প্রশাসনে এটিই সবচেয়ে বড় পদোন্নতি।

বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে। এর মধ্যে একটি প্রজ্ঞাপনে ১৭২ জন কর্মকর্তার পদোন্নতির তথ্য জানানো হয়েছে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের আপাতত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে তাদের নতুন কর্মস্থলে পদায়নের আদেশ এখনো জারি হয়নি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে অথবা নির্ধারিত ই-মেইলে যোগদানপত্র জমা দিতে পারবেন। পদোন্নতির আদেশে উল্লেখিত কর্মস্থল পরিবর্তিত হয়ে থাকলে বর্তমান কর্মস্থলের তথ্য উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে হবে।

এতে আরও বলা হয়, পরবর্তী সময়ে কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্নধর্মী তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট ক্ষেত্রে পদোন্নতির আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।

বর্তমানে প্রশাসনে যুগ্মসচিবের সংখ্যা এক হাজার ৬১ জন। এবারের পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের ২৫তম বিসিএসের কর্মকর্তারাও যুগ্মসচিব হয়েছেন। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে কয়েকজন জেলা প্রশাসকও রয়েছেন।

সরকারের উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা, ২০০২ অনুযায়ী, যুগ্মসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৭০ শতাংশ প্রশাসন ক্যাডার এবং ৩০ শতাংশ অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদের বিবেচনায় নেওয়ার বিধান রয়েছে।

আরও পড়ুন: ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬-এর খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন

বিধিমালা অনুযায়ী, উপসচিব হিসেবে কমপক্ষে পাঁচ বছরসহ সংশ্লিষ্ট ক্যাডারে মোট ১৫ বছরের চাকরি অথবা উপসচিব পদে অন্তত তিন বছরসহ মোট ২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে কোনো কর্মকর্তা যুগ্মসচিব পদে পদোন্নতির জন্য বিবেচিত হন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়