‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন
ছবি: সংগৃহীত
ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা ।
বৃহস্পতিবার (৯ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১২তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
নতুন আইনের আওতায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের (পিপিপিএ) কার্যক্রম সমন্বিত হবে। ইনভেস্ট বাংলাদেশ দেশের প্রধান বিনিয়োগ উন্নয়ন ও সমন্বয়কারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করবে।
আইনটি কার্যকর হলে বিনিয়োগকারীদের নিবন্ধন, অনুমোদন, আমদানি-রপ্তানি, প্রণোদনা, শিল্পাঞ্চল উন্নয়ন এবং সরকারি সেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও সমন্বিত হবে। একই সঙ্গে সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স, ওয়ান-স্টপ সার্ভিস, লাইসেন্স ও অনুমোদন প্রক্রিয়ার ডিজিটালাইজেশন, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব দেওয়া হয়েছে।
সরকারের মতে, নতুন আইন বাস্তবায়িত হলে বিনিয়োগ-সংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বের দ্বৈততা কমবে, নীতিগত অসামঞ্জস্য দূর হবে এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও শক্তিশালী হবে। পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি সমন্বিত বিনিয়োগ ব্যবস্থাপনা কাঠামো গড়ে উঠবে।
আইনটিতে অর্থনৈতিক অঞ্চল, মুক্ত বাণিজ্য অঞ্চল ও ঘোষিত শিল্পাঞ্চলকে একীভূত কাঠামোর আওতায় আনার সুযোগ রাখা হয়েছে। এছাড়া লাইসেন্স ও অনুমোদনের সময়সীমা নির্ধারণ, ক্ষুদ্র পিপিপি প্রকল্পে সহজ অনুমোদন, অব্যবহৃত সরকারি সম্পদের উৎপাদনশীল ব্যবহার এবং বিনিয়োগ-সংক্রান্ত সব সেবা একক ডিজিটাল প্ল্যাটফর্মে দেওয়ার বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: বন্যা ও পাহাড়ধসে ৪ জেলায় প্রাণহানি ৩০: ত্রাণমন্ত্রী
এদিন মন্ত্রিসভা জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০) এবং আমদানি নীতি আদেশ, ২০২৬-২০২৯-এর খসড়াও অনুমোদন করে। নতুন জ্বালানি কৌশলে ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি নতুন আমদানি নীতিতে আমদানি প্রক্রিয়া সহজীকরণ, অনলাইন অনুমোদন ব্যবস্থা, মুক্ত বাণিজ্য অঞ্চল এবং প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগে নতুন সুবিধার বিধান রাখা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








