স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২২, ১০ জুলাই ২০২৬
আপডেট: ০৮:৪২, ১০ জুলাই ২০২৬

বন্যা ও পাহাড়ধসে ৪ জেলায় প্রাণহানি ৩০:  ত্রাণমন্ত্রী

বন্যা ও পাহাড়ধসে ৪ জেলায় প্রাণহানি ৩০:  ত্রাণমন্ত্রী

ছবি: সংগৃহীত

টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও পাহাড়ধসে চট্টগ্রাম বিভাগের চার জেলায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এ তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ৩০০ ধারায় দেওয়া এক বিবৃতিতে মন্ত্রী জানান, নিহতদের মধ্যে কক্সবাজারে ১৯ জন, চট্টগ্রাম ও বান্দরবানে ৫ জন করে এবং রাঙ্গামাটিতে ১ জন রয়েছেন।

তিনি বলেন, দুর্গত মানুষের জন্য পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার সর্বাত্মকভাবে কাজ করছে। বর্তমানে চট্টগ্রামে ৪১টি, কক্সবাজারে ৬৪০টি, রাঙ্গামাটিতে ২১টি, খাগড়াছড়িতে ১৩৫টি এবং বান্দরবানে ২২০টি আশ্রয়কেন্দ্র চালু রয়েছে। এসব কেন্দ্রে বিশুদ্ধ পানি, স্যানিটেশন, শিশু খাদ্য ও তিন বেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে মাইকিং অব্যাহত রয়েছে।

ত্রাণমন্ত্রী জানান, গত ৭ জুলাই ক্ষতিগ্রস্ত পাঁচ জেলার প্রতিটির জন্য জিআর কর্মসূচির আওতায় ১০ লাখ টাকা ও ২০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। পরবর্তীতে ত্রাণ কার্যক্রম জোরদার করতে অতিরিক্ত বরাদ্দ অনুমোদন করা হয়েছে।

নতুন বরাদ্দ অনুযায়ী, চট্টগ্রাম জেলা পেয়েছে ২৫ লাখ টাকা ও ৩০০ মেট্রিক টন চাল, কক্সবাজার পেয়েছে ২০ লাখ টাকা ও ২৫০ মেট্রিক টন চাল। এছাড়া রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা পেয়েছে ১০ লাখ টাকা করে এবং ২০০ মেট্রিক টন করে চাল।

এ ছাড়া প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি জেলার জন্য ২০ লাখ টাকা করে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজন অনুযায়ী আরও সহায়তা দেওয়া হবে।

আরও পড়ুন: আগামী ৫ বছরে ১ কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠাবে সরকার

পাহাড়ধসে প্রাণহানি রোধে ঝুঁকিপূর্ণ পাহাড়ের ঢালে বসবাসকারী পরিবারগুলোকে খাসজমি ও অন্যান্য সরকারি জমিতে পুনর্বাসনের প্রস্তুতি রয়েছে বলেও জানান ত্রাণমন্ত্রী। একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিদের জনসচেতনতা বৃদ্ধি ও নিরাপদ স্থানে স্থানান্তর কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়