রূপপুরের প্রথম ইউনিটে সফলভাবে পারমাণবিক জ্বালানি লোডিং সম্পন্ন
ফাইল ছবি
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প-এর প্রথম ইউনিটের রিঅ্যাক্টর কোরে সফলভাবে ফ্রেশ পারমাণবিক জ্বালানি লোডিং সম্পন্ন হয়েছে। বিদ্যুৎ ইউনিটটির কমিশনিং ও বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদনের পথে এটিকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
চলতি বছরের ২৮ এপ্রিল শুরু হওয়া জ্বালানি লোডিং কার্যক্রমে ধাপে ধাপে রিঅ্যাক্টর কোরে মোট ১৬৩টি জ্বালানি অ্যাসেম্বলি স্থাপন করা হয়। বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে এটি অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (১২ মে) রসাটম এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে রূপপুর প্রকল্পের পরিচালক ও এটমস্ট্রয় এক্সপোর্টের ভাইস প্রেসিডেন্ট আলেক্সি ডেইরি বলেন, আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা মানদণ্ড ও পরিচালনাগত বিধিমালা কঠোরভাবে অনুসরণ করে প্রাথমিক কোর লোডিং সম্পন্ন করা হয়েছে।
তিনি জানান, পরবর্তী ধাপে রিঅ্যাক্টরের উপরের অংশ স্থাপন এবং প্রয়োজনীয় ইন-কোর ইনস্ট্রুমেন্টেশন সিস্টেম সংযুক্ত করা হবে। এরপর নিরাপদ ও নির্ভরযোগ্য কার্যক্রম নিশ্চিত করতে শত শত অতিরিক্ত পরীক্ষা চালানো হবে।
প্রেসবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিগগিরই রিঅ্যাক্টরকে ন্যূনতম নিয়ন্ত্রণযোগ্য বিদ্যুৎ উৎপাদন স্তরে নেওয়া হবে এবং পরে ধাপে ধাপে উৎপাদন ক্ষমতা বাড়ানো হবে। এসব প্রক্রিয়া প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু ও পরীক্ষামূলক বাণিজ্যিক পরিচালনার পথ সুগম করবে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, প্রতি মাসে ১০ থেকে ১৫ শতাংশ হারে উৎপাদন বাড়ানো হবে। ফিজিক্যাল স্টার্টআপের পর পূর্ণ ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে পৌঁছাতে প্রায় ৮ থেকে ১০ মাস সময় লাগতে পারে।
এ বছরের শেষ দিকে প্রকল্পের দ্বিতীয় ইউনিটেও জ্বালানি লোডিং শুরু করার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে নির্মাণ করা হয়েছে। প্রায় ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পে রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তা নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
প্রকল্পটিতে দুটি ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর ব্যবহার করা হয়েছে। দুটি ইউনিট পূর্ণ উৎপাদনে গেলে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে, যা দেশের মোট বিদ্যুৎ চাহিদার ১০ শতাংশেরও বেশি পূরণ করবে। এর মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে পরমাণু ক্লাবে যুক্ত হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








