স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৪৮, ১২ এপ্রিল ২০২৬

হামের প্রাদুর্ভাব রোধে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

হামের প্রাদুর্ভাব রোধে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। ছবি: সংগৃহীত

আগামী কয়েক দিনের মধ্যেই দেশে হামের প্রাদুর্ভাব রোধে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত।

তিনি বলেছেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে তথ্য বিশ্লেষণ করে দেশের ১৮টি জেলার উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০টি উপজেলা শনাক্ত করা হয়েছে। এসব এলাকায় সংক্রমণ নিয়ন্ত্রণে গত ৫ এপ্রিল থেকেই জরুরি ভিত্তিতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে মন্ত্রণালয়।

রবিবার (১২ এপ্রিল) রাজধানীর কড়াইল বস্তির এরশাদ মাঠে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে দেশের বড় সিটি কর্পোরেশনগুলোতে টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে। আগামী ২০ তারিখ থেকে সারা দেশে এই হাম টিকাদান কর্মসূচি শুরু হবে।

তিনি বলেন, শিশুদের সুরক্ষায় সরকার দ্রুততার সঙ্গে কাজ করছে। জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে পারলে এই কর্মসূচি সফল হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, হাম দ্রুত ছড়ালেও টিকার মাধ্যমে এটি সহজেই প্রতিরোধ করা সম্ভব। নির্দিষ্ট জনগোষ্ঠীর বড় অংশকে টিকার আওতায় আনা গেলে গোষ্ঠীগত রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, ফলে সংক্রমণ ছড়ানোর সুযোগ থাকে না।

তিনি বলেন, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের অবশ্যই এই টিকার আওতায় আনতে হবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন বলেন, মহাখালীর কোভিড হাসপাতালটি পুনর্গঠন করে সেখানে একটি পূর্ণাঙ্গ জেনারেল হাসপাতাল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে নগরবাসী সহজে স্বাস্থ্যসেবা পেতে পারে।

তিনি জানান, পরিদর্শনের সময় হাসপাতালটিতে কিছু অব্যবস্থাপনা পাওয়া গেছে, যা সমাধান করে এটি কার্যকর স্বাস্থ্যসেবা কেন্দ্রে রূপান্তর করা হবে।

আরও পড়ুন: কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন সেবা: কৃষিমন্ত্রী

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আব্দুস সাত্তার পাটোয়ারী, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়