কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন সেবা: কৃষিমন্ত্রী
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মোহাম্মদ আমিন উর রশিদ। ছবি: সংগৃহীত
বর্তমান সরকারের চালু করা কৃষক কার্ডে বিধিবদ্ধ সেবার পাশাপাশি সময়োপযোগী নতুন সেবা যুক্ত করা হবে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
তিনি বলেছেন, কৃষি একটি সম্মানজনক ও মর্যাদাপূর্ণ পেশা। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকের মর্যাদা আরও বৃদ্ধি পাবে। ভবিষ্যতে এই কার্ডে প্রয়োজন অনুযায়ী নতুন নতুন সেবা সংযোজন করা হবে।
রবিবার (১২ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে কৃষক কার্ড বিতরণ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, কৃষক কার্ড চালুর মাধ্যমে দেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত একটি সমন্বিত ডিজিটাল ডাটাবেজের আওতায় আসবে। এর ফলে কৃষি খাত আরও লাভজনক ও মর্যাদাপূর্ণ পেশায় পরিণত হবে এবং জাতীয় অর্থনীতিতে এর অবদান আরও শক্তিশালী হবে।
তিনি বলেন, সরকারের অগ্রাধিকার কর্মসূচির আওতায় প্রতিটি কৃষকের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। নিরাপদ ও নির্ভরযোগ্য পেমেন্ট সুবিধাসহ এই কার্ড চালুর জন্য সরকার গঠনের পরপরই প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
কৃষিমন্ত্রী আরও বলেন, দেশের কৃষি খাতকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও কৃষক-কেন্দ্রিক করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়ন, মর্যাদা বৃদ্ধি এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা হবে। পাশাপাশি সারের অপচয় কমবে, উৎপাদন পরিকল্পনা উন্নত হবে এবং কৃষকের ক্ষতি কমানো সম্ভব হবে।
তিনি বলেন, কৃষি খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড। কৃষকদের হাত ধরেই বাংলাদেশের ভবিষ্যৎ এগিয়ে যাবে। কৃষিজমির উর্বরতা, মাটির গুণাগুণ ও ফসলের বৈচিত্র্য পুনরুদ্ধারে সরকার কাজ করছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা প্রণোদনা ও বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। ডিলারদের সরবরাহকৃত মেশিনের মাধ্যমে সার, বীজ, মৎস্য ও প্রাণী খাদ্যসহ বিভিন্ন কৃষি উপকরণ সহজেই ক্রয় করা যাবে।
আরও পড়ুন: শপথ নিলেন নবনির্বাচিত ২ সংসদ সদস্য
এছাড়া এই কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যে কৃষি উপকরণ ও সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ, স্বল্পমূল্যে কৃষিযন্ত্রপাতি, সরকারি ভর্তুকি ও প্রণোদনা পাবেন। পাশাপাশি মোবাইলের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস ও বাজার তথ্য, কৃষি প্রশিক্ষণ, রোগ-বালাই দমনের পরামর্শ, কৃষি বিমা সুবিধা এবং ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রয়ের সুযোগও নিশ্চিত করা হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








