শপথ নিলেন নবনির্বাচিত ২ সংসদ সদস্য
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ ও বগুড়া-৬ আসন থেকে নবনির্বাচিত দুই সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল এবং মো. রেজাউল করিম বাদশা শপথ গ্রহণ করেছেন।
রবিবার (১২ এপ্রিল) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের পঞ্চম তলায় স্পিকারের কার্যালয়ে তাদের শপথ বাক্য পাঠ করান স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। স্পিকারের কাছে শপথ গ্রহণের পর নবনির্বাচিত দুই সদস্য রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন এবং স্পিকারের সাথে করমর্দন করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংসদ সচিব গোলাম সরওয়ার ভূঁইয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এবিএম আশরাফ উদ্দিন ও মিয়া নুরুউদ্দিন আহম্মেদ অপুসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ভোট গ্রহণ হলেও শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ওই আসনের নির্বাচন স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে ৯ এপ্রিল সেখানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল জয়লাভ করেন। তিনি জামায়াত প্রার্থী মাসুদুর রহমানকে পরাজিত করেছেন।
আরও পড়ুন: সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়: প্রধানমন্ত্রী
অন্যদিকে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে বিজয়ী হয়েছিলেন। পরবর্তীতে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে সেটি শূন্য ঘোষিত হয়। গত ৯ এপ্রিল অনুষ্ঠিত সেই উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী মো. রেজাউল করিম বাদশা জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেলকে পরাজিত করে জয়ী হন।
এর আগে গত শুক্রবার (১০ এপ্রিল) নির্বাচন কমিশন (ইসি) সচিবের স্বাক্ষরিত গেজেটের মাধ্যমে এই দুই আসনের ফলাফল চূড়ান্তভাবে প্রকাশ করা হয়। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৩৯ এর দফা (৪) অনুযায়ী এই গেজেট প্রকাশিত হয়, যা শনিবার (১১ এপ্রিল) ইসি কর্মকর্তারা নিশ্চিত করেছিলেন।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদের ২৯৬ জন সংসদ সদস্য শপথ নিয়েছিলেন। তৎকালীন স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় তাদের শপথ পাঠ করিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আজকের দুই সদস্যের শপথ গ্রহণের মাধ্যমে সংসদে বর্তমান শপথ গ্রহণকারী সদস্য সংখ্যা দাঁড়ালো ২৯৮ জনে। চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল গণনা শেষ হলেও আদালতের নির্দেশনার কারণে এখনো তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। মামলার নিষ্পত্তি শেষে ওই দুই আসনের ফলাফল প্রকাশ করা হবে।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ২৯৭টি আসনের ঘোষিত ফলাফলে বিএনপি ২০৯টি, জামায়াতে ইসলামী ৬৮টি, স্বতন্ত্র ৭টি, জাতীয় নাগরিক পার্টি ৬টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসন পায়। এছাড়া গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস একটি করে আসনে জয়লাভ করেছে। আজকের দুই বিজয়ীর অন্তর্ভুক্তিতে সংসদে ক্ষমতাসীন বিএনপির আসন সংখ্যা আরও বৃদ্ধি পেল।
নিউজবাংলাদেশ.কম/পলি








