জামায়াতের পরাজয়ের দলিল এই সংবিধান: চিফ হুইপ
ছবি: সংগৃহীত
বর্তমান সংবিধানকে জামায়াতে ইসলামীর ‘পরাজয়ের দলিল’ হিসেবে আখ্যায়িত করে সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মণি বলেছেন, এই পরাজয় মেনে নিতে পারছে না বলেই তারা সংবিধানকে ছুড়ে ফেলতে চায়।
শুক্রবার (০৩ এপ্রিল) সকালে রাজধানীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম মণি বিগত সরকারের কঠোর সমালোচনা করে বলেন, গত দেড় দশকে দেশ থেকে প্রায় ২৭ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। এই বিশাল অংকের অর্থ পাচারের জন্য তিনি সরাসরি আওয়ামী লীগকে দায়ী করেন।
তিনি অভিযোগ করে বলেন, বিগত শাসনামলে আইনের কোনো শাসন ছিল না। যুবলীগের সদস্যদের অস্ত্র ব্যবহারের জন্য কোনো লাইসেন্সের প্রয়োজন হতো না; তারা চাইলেই প্রভাব খাটিয়ে অস্ত্রের লাইসেন্স পেয়ে যেতেন কিংবা বিনা লাইসেন্সেই অস্ত্র বহন করতেন।
আরও পড়ুন: সংবিধান ছুড়ে ফেলার মানসিকতা নিয়ে সংসদে পার্থের কড়া জবাব
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দর্শন প্রসঙ্গে চিফ হুইপ বলেন, তারেক রহমান ক্ষমতায় এসে টাকা চুরি করতে চান না। তার মূল লক্ষ্য হলো দেশের প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী ও মেরুদণ্ড সম্পন্ন হিসেবে গড়ে তোলা।
তিনি আরও জানান, বর্তমান সরকার জনগণের ব্যক্তিগত স্বাধীনতা ও সুশাসন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
জুলাই বিপ্লব পরবর্তী পরিস্থিতি উল্লেখ করে নুরুল ইসলাম মণি স্পষ্ট করে বলেন, বর্তমান সরকার 'জুলাই সনদ'-এর বিপক্ষে নয়, বরং এই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতেই সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি দেশের সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সুশাসন প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান।
নিউজবাংলাদেশ.কম/পলি








