হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল-আলমগীরকে হস্তান্তরের প্রক্রিয়া শুরু
ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং তার সহযোগী আলমগীরকে ভারতে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (৮ মার্চ) বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁ এলাকা থেকে তাদের গ্রেফতার করে কলকাতা পুলিশ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। বনগাঁ পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বাংলাদেশের গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়। বর্তমানে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পশ্চিমবঙ্গ পুলিশ এ গ্রেফতারকে একটি বড় সাফল্য হিসেবে উল্লেখ করেছে।
সূত্রটি আরও জানায়, সম্প্রতি ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই)-এর নবনিযুক্ত মহাপরিচালক ভারত সফর করেন। ওই সফরে তিনি হাদি হত্যা মামলার আসামিসহ বিভিন্ন সন্ত্রাসীকে গ্রেফতার করে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি ভারতীয় কর্তৃপক্ষের কাছে জোরালোভাবে উত্থাপন করেন। এর পরিপ্রেক্ষিতে ভারতীয় কর্তৃপক্ষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এছাড়া বাংলাদেশের আহ্বানের প্রেক্ষিতে ভারতে অবস্থান করে বাংলাদেশবিরোধী প্রচারণায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।
গত বছরের ১২ ডিসেম্বর পল্টনের বক্স কালভার্ট রোডে জুমার নামাজ শেষে প্রচারণা চালানোর সময় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তির গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আরও পড়ুন: ঈদযাত্রায় ট্রেনের শেষ দিনের অগ্রিম টিকিট বিক্রি চলছে
এই হত্যাকাণ্ডের পর তার পরিবারের সদস্য ও সহযোগীদের গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়। মামলার ছয়জন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বর্তমানে গ্রেফতার হওয়া ফয়সাল ও আলমগীরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








