ঈদযাত্রায় ট্রেনের শেষ দিনের অগ্রিম টিকিট বিক্রি চলছে
ছবি: সংগৃহীত
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ সোমবার (৯ মার্চ) অগ্রিম টিকিট বিক্রির নির্ধারিত কার্যক্রমের শেষ দিন। আজ বিক্রি হচ্ছে আগামী ১৯ মার্চের আন্তনগর ট্রেনের টিকিট।
রেলওয়ের ঘোষণা অনুযায়ী, যারা ১৯ মার্চ ট্রেনে ভ্রমণ করবেন, তাদের আজই অগ্রিম টিকিট সংগ্রহ করতে হবে। এবারের ঈদযাত্রায় শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। সম্প্রতি রেল ভবনে অনুষ্ঠিত ঈদযাত্রার প্রস্তুতিমূলক সভায় এই সময়সূচি নির্ধারণ করা হয়।
নিয়ম অনুযায়ী, একজন যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। অগ্রিম কেনা টিকিট ফেরত বা রিফান্ড করার সুযোগ নেই। এছাড়া নন-এসি কোচের মোট আসনের ২৫ শতাংশ টিকিট ‘দাঁড়িয়ে যাওয়ার’ (স্ট্যান্ডিং) জন্য বরাদ্দ থাকবে। এসব টিকিট যাত্রার দিন সংশ্লিষ্ট ট্রেনের যাত্রা শুরুর স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।
গত ৩ মার্চ থেকে শুরু হওয়া এই অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম আজ শেষ হচ্ছে। এর আগে পর্যায়ক্রমে ১৩ থেকে ১৮ মার্চের টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে। তবে রেল ভবন সূত্রে জানা গেছে, চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন: হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার
যাত্রীদের ভোগান্তি কমানো এবং কালোবাজারি রোধে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি সাধারণ যাত্রীদের সুবিধার্থে সীমিত সংখ্যক স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থাও রেখেছে রেল কর্তৃপক্ষ।
নিউজবাংলাদেশ.কম/এসবি








