News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৫১, ৬ মার্চ ২০২৬

‘সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার’

‘সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার’

ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় সকল স্তরে দুর্নীতি মোকাবিলায় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট জানিয়েছেন, দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে এবং এক্ষেত্রে কোনো ধরনের দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। 

শুক্রবার (০৬ মার্চ) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

কূটনীতিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশে মানবাধিকার সুরক্ষা, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। 

তিনি উল্লেখ করেন, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রেখে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সুশাসন নিশ্চিত করার লক্ষ্যেই প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

সর্বস্তরের সরকারি প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের মধ্যে দুর্নীতি মোকাবিলায় কঠোর পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি উল্লেখ করেন, দলীয় পরিচয় বিবেচনা করা হবে না; আইন ও নীতি অনুযায়ী সকলের ওপর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: জ্বালানি সংকট এড়াতে রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি

ইফতারের অনুষ্ঠানে অংশ নেন ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী টেবিলে তার ডান পাশে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, আর বাম পাশে কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

ইফতারের আগে প্রধানমন্ত্রী কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাতে অংশ নেন।

আলোচনার এক গুরুত্বপূর্ণ অংশে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর প্রতি সমর্থন জানাতে ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের আহ্বান জানান। 

তিনি বলেন, কূটনীতিকদের সহযোগিতা ও সমর্থন বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি ও কূটনৈতিক প্রভাব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, সরকার প্রতিশ্রুতিবদ্ধ যে সহনশীলতা ও মানবিক নীতি বাস্তবায়ন করে, সেগুলো নিশ্চিতভাবে দেশের সকল স্তরে প্রতিষ্ঠিত হবে। একইসঙ্গে তিনি দৃঢ়ভাবে জানান, দুর্নীতির বিরুদ্ধে কোনও আপোস করা হবে না এবং এটি সরকারের সর্বস্তরে প্রযোজ্য হবে।

এই ইফতার অনুষ্ঠান কূটনৈতিক সংলাপ ও দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার পাশাপাশি মানবাধিকার ও নৈতিক প্রশাসনের ওপর সরকারের অঙ্গীকারকে তুলে ধরেছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়