জাকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি
দেশের সামগ্রিক অবস্থা বিবেচনায় জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কূটনীতিক এবং এতিম, আলেম-উলামাদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুটি ইফতার মাহফিলে অংশ নেবেন তিনি।
বৃহস্পতিবার (৫ মার্চ) এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি জানান, দেশের সার্বিক অবস্থা বিবেচনায় কেবল দুটি ইফতার মাহফিল আয়োজন করা হবে। এর মধ্যে ৬ মার্চ কূটনীতিকদের সম্মানে এবং ৭ মার্চ এতিম, আলেম-উলামা ও মাশায়েখদের সম্মানে ইফতার আয়োজন করা হবে। উভয় অনুষ্ঠানই অনুষ্ঠিত হবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে।
এর আগে রাজনীতিকদের সম্মানে ৮ মার্চ এবং সাংবাদিকদের সম্মানে ১০ মার্চ একই স্থানে ইফতার মাহফিল আয়োজনের সময়সূচি নির্ধারিত ছিল। তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এসব আয়োজন বাতিল করেছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: জনসাধারণের জন্য সরকারের জরুরি বিজ্ঞপ্তি
আতিকুর রহমান রুমন আরও জানান, প্রতি বছর রাষ্ট্রীয়ভাবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। তবে এবার দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবারের সঙ্গে বাসায় ইফতার করছেন এবং রাষ্ট্রীয়ভাবে জাঁকজমকপূর্ণ আয়োজন করা হচ্ছে না।
নিউজবাংলাদেশ.কম/এসবি








