স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৫, ২৮ সেপ্টেম্বর ২০২৬

নারীদের জন্য চালু হচ্ছে আরও ১০০ পিংক বাস

নারীদের জন্য চালু হচ্ছে আরও ১০০ পিংক বাস

ছবি: সংগৃহীত

নারীদের স্কুল, কলেজ ও কর্মক্ষেত্রে যাতায়াতের সুবিধার্থে চলমান ১৪টি পিংক বাসের সঙ্গে আরও ১০০টি বাস দ্রুততম সময়ের মধ্যে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ১৩টি রুটে চলাচলকারী পিংক বাসের সংখ্যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল হওয়ায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলামের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে জানানো হয়, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ঝুঁকিপূর্ণ মোড় ও দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে সেগুলো সোজা ও প্রশস্ত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি নতুন যেসব সড়ক প্রকল্প নেওয়া হচ্ছে, সেগুলোও যথাসম্ভব সরলরেখায় নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বৈঠকে কমিটির সদস্য ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, লুৎফর রহমান, মো. রুহুল আমীন দুলাল, মোহাম্মদ আক্তারুজ্জামান, নেওয়াজ হালিমা আরলী, মো. রফিকুল ইসলাম খান ও মো. মতিয়ার রহমান অংশ নেন। বিশেষ আমন্ত্রণে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানও বৈঠকে যোগ দেন।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরগুলোর কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং এর অধীন বিভাগ ও দপ্তরগুলোর সার্বিক কার্যক্রম সম্পর্কে কমিটির সদস্যদের অবহিত করা হয়। পাশাপাশি সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মন্ত্রণালয়ের পরিকল্পনা ও গৃহীত কার্যক্রম নিয়েও আলোচনা হয়।

এ ছাড়া কর্ণফুলী টানেলের সার্ভিস এলাকায় ৭২ একর জমির ওপর নির্মিত অত্যাধুনিক বিলাসবহুল রিসোর্টের বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শনের ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে স্থায়ী কমিটি।

আরও পড়ুন: নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস

বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, সেতু বিভাগের সচিব, মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়