মধ্যপ্রাচ্যের ৬ রুটে ফ্লাইট বাতিল করলো বিমান
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং আকাশপথে নিরাপত্তা ঝুঁকির কারণে বিপর্যয়ের মুখে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শিডিউল। রাষ্ট্রীয় এ সংস্থা জানিয়েছে, মধ্যপ্রাচ্যের ছয়টি গুরুত্বপূর্ণ রুটে আগামী ৮ মার্চ পর্যন্ত সব ফ্লাইট বাতিল থাকবে।
এর আগে ৩ থেকে ৫ মার্চ পর্যন্ত এই রুটগুলিতে ফ্লাইট বন্ধ ছিল, যা এবার ৮ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) দুপুরে বিমানের পক্ষ থেকে ট্রাভেল এজেন্সিগুলোকে এই সিদ্ধান্ত জানানো হয় এবং যাত্রীদের তথ্য জানানোর অনুরোধ করা হয়েছে।
বাতিল হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েত। বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির উন্নতি হলে যাত্রীদের বাতিল হওয়া ফ্লাইটের নতুন শিডিউল বা সময়সূচি জানানো হবে।
জানা গেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা ও আকাশপথে নিরাপত্তা ঝুঁকির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
আরও পড়ুন: রাজধানীর বেশিরভাগ পাম্পে উপচে পড়া ভিড়, মিলছে না তেল
পরিসংখ্যান অনুযায়ী, এই যুদ্ধপরিস্থিতির কারণে ঢাকা থেকে শুক্রবার পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২৪৫টি ফ্লাইট বাতিল হয়েছে। বিমান কর্তৃপক্ষ জানাচ্ছে, আকাশপথে উত্তেজনা নিরসন না হওয়া পর্যন্ত অনিশ্চয়তা চলবে এবং যাত্রীদের নিয়মিত কল সেন্টার বা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








