তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ
ছবি: সংগৃহীত
ইসরায়েল–যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর সামরিক উত্তেজনার প্রভাব নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে দুই নেতার মধ্যে একান্ত ফোনালাপ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস সচিব জানান, আলাপকালে প্রধানমন্ত্রী তারেক রহমান সংযুক্ত আরব আমিরাত এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) দেশগুলোর প্রতি বাংলাদেশের গভীর সংহতি প্রকাশ করেন। জবাবে ইউএই প্রেসিডেন্ট ফোন করার জন্য এবং আন্তরিক উদ্বেগ জানানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি বিশেষ যত্ন নেওয়ায় দেশটির প্রেসিডেন্ট ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ইউএই’র আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমি এবং ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তাদের সহযোগিতার জন্যও ধন্যবাদ জানান তিনি।
ফোনালাপের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ইউএই প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আমন্ত্রণ গ্রহণ করেন এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আসার বিষয়ে সম্মতি জানান।
আলোচনায় আঞ্চলিক সংঘাত যেন আরও বিস্তার লাভ না করে এবং এর ফলে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার ওপর সম্ভাব্য নেতিবাচক প্রভাব মোকাবিলায় দ্রুত সামরিক উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন দুই নেতা।
আরও পড়ুন: হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে দেশ: রাষ্ট্রপতি
বিদ্যমান সংকট নিরসনে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান খোঁজার ওপরও তারা গুরুত্বারোপ করেন। সূত্র: বাসস।
নিউজবাংলাদেশ.কম/এসবি








