রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২২
ছবি: সংগৃহীত
রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে দুই দেশে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় ১৫ জন এবং ইউক্রেনে রুশ হামলায় ৭ জন নিহত হয়েছেন। উভয় পক্ষের হামলায় আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রুশ প্রশাসনের তথ্যমতে, সোমবার ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলার লক্ষ্যবস্তু ছিল রাশিয়ার ক্রাসনোদার, বেলগোরোদ এবং ক্রিমিয়া অঞ্চল।
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ জানিয়েছেন, গেলেন্দঝিক জেলার পর্যটন এলাকা আরখিপো-ওসিপোভকায় ড্রোন হামলায় তিন শিশুসহ সাতজন নিহত এবং প্রায় ৪০ জন আহত হয়েছেন।
এ ছাড়া একই দিনে ক্রিমিয়ায় পৃথক হামলায় চারজন নিহত ও দুজন আহত হন। সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে আরেকটি ড্রোন হামলায় নিহত হয়েছেন চারজন এবং আহত হয়েছেন অন্তত ১৭ জন।
অন্যদিকে ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের কৃভি রিহ জেলায় একটি পেট্রোল স্টেশনে রুশ ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন জরুরি পরিষেবাকর্মী এবং তার আট বছর বয়সী ছেলে রয়েছে।
অঞ্চলটির গভর্নর ওলেক্সান্দর হানঝা টেলিগ্রামে জানিয়েছেন, বিস্ফোরকবাহী ড্রোনের আঘাতে পেট্রোল স্টেশনটিতে আগুন ধরে যায় এবং আশপাশের এলাকায়ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এদিকে সোমবার রাতে জাপোরিজ্জিয়া অঞ্চলে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশুসহ আরও চারজন নিহত হন। ফলে ইউক্রেনে এদিন মোট নিহতের সংখ্যা দাঁড়ায় সাতজনে।
যুদ্ধ শুরুর পর বেসামরিক হতাহতের সংখ্যা সাম্প্রতিক মাসগুলোতে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে রাশিয়া ও ইউক্রেন- উভয় পক্ষই বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করে আসছে।
এদিকে পৃথক এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী ইউক্রেনের খারকিভ অঞ্চলের বিলিই কোলোদিয়াজ এবং উস্পেনিভকা নামে দুটি বসতির নিয়ন্ত্রণ নিয়েছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা সোমবার, চুক্তির আশা ট্রাম্পের
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে। এরপর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ অব্যাহত রয়েছে এবং সংঘাতের প্রভাব ইউরোপের নিরাপত্তা ও বৈশ্বিক রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








