এআই নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপের আহ্বান বিল গেটসের
ছবি: সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতির সঙ্গে এর সম্ভাব্য ঝুঁকি নিয়েও উদ্বেগ বাড়ছে। মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস এক সাক্ষাৎকারে বলেছেন, অসৎ উদ্দেশ্যসম্পন্ন ব্যক্তিদের হাতে অত্যাধুনিক এআই প্রযুক্তি গেলে তা বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে।
এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে গেটস এআইয়ের ঝুঁকি উপেক্ষা না করে এ বিষয়ে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে আলোচনায় যুক্ত হওয়ার আহ্বান জানান। এআই ব্যবহারে নজরদারি ও নিরাপত্তাব্যবস্থা জোরদারের প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।
গেটসের আশঙ্কা, অত্যন্ত শক্তিশালী এআই প্রযুক্তি অপব্যবহারের মাধ্যমে বড় ধরনের প্রাণহানির কারণ হতে পারে। তার মতে, প্রযুক্তিটির সক্ষমতা যত বাড়ছে, এর সম্ভাব্য অপব্যবহার ঠেকাতে তত বেশি সতর্কতা প্রয়োজন।
এদিকে যুক্তরাজ্যভিত্তিক অ্যালান টিউরিং ইনস্টিটিউটের এক প্রতিবেদনে ভবিষ্যতে সুপারইন্টেলিজেন্ট এআই ব্যবস্থা তৈরির সম্ভাবনা নিয়ে সতর্ক করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এমন এআই তৈরি হতে পারে, যা গুরুত্বপূর্ণ বিভিন্ন জ্ঞানগত কাজে মানুষের সক্ষমতাকে ছাড়িয়ে যাবে।
প্রতিবেদনটিতে আরও বলা হয়, এআই যদি এমন কৌশল বা পদ্ধতি তৈরি করতে শুরু করে, যা মানুষ বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কার্যকরভাবে মূল্যায়ন করতে সক্ষম না হয়, তাহলে প্রযুক্তিটির ওপর মানুষের নিয়ন্ত্রণ বজায় রাখা কঠিন হয়ে পড়তে পারে। এ ছাড়া রাসায়নিক ও জৈবিক হুমকিসহ বিভিন্ন ক্ষেত্রে এআইয়ের অপব্যবহারের সম্ভাবনাও তুলে ধরা হয়েছে।
এদিকে মার্কিন এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই ফ্রন্টিয়ার এআইয়ের উন্নয়নে সাময়িক বিরতি, তৃতীয় পক্ষের মাধ্যমে নিরাপত্তা মূল্যায়ন এবং অভিন্ন নিরাপত্তা মানদণ্ড তৈরির প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে চীনের সঙ্গে এআই নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক চুক্তির প্রয়োজনীয়তার কথাও বলেছেন তিনি।
অ্যানথ্রপিকের সাবেক গবেষক জ্যাকব কক্সন এবং অ্যালাইনমেন্ট সায়েন্সের প্রধান ইভান হাবিঙ্গারও এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন। তাদের মতে, চলতি দশকের শেষ নাগাদ বা আগামী এক দশকের মধ্যে এআইয়ের কারণে বড় ধরনের বিপর্যয়ের ঝুঁকি রয়েছে।
আরও পড়ুন: সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা দিতে চায় সিঙ্গাপুর
এআইয়ের দ্রুত বিকাশের পাশাপাশি এর নিরাপদ ব্যবহার, কার্যকর নিয়ন্ত্রণ ও সম্ভাব্য অপব্যবহার ঠেকাতে আন্তর্জাতিক পর্যায়ে নীতিমালা ও নিরাপত্তাব্যবস্থা জোরদারের আলোচনা তাই গুরুত্ব পাচ্ছে। সূত্র: এনডিটিভি
নিউজবাংলাদেশ.কম/এসবি








