News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:২৯, ২৭ জানুয়ারি ২০২৬

সোহরাওয়ার্দী হাসপাতালে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, নার্স পলাতক

সোহরাওয়ার্দী হাসপাতালে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, নার্স পলাতক

নিহত শিশু হাবিবা ও অভিযুক্ত নার্স ইয়াসিন। ছবি: সংগৃহীত

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভুল ইনজেকশন পুশ করার কারণে হাবিবা নামে সাত বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলার ৪ নম্বর সার্জারি ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, নিয়মবহির্ভূতভাবে ভুল ইনজেকশন প্রয়োগের কারণেই শিশুটির মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় অভিযুক্ত সিনিয়র স্টাফ নার্স ইয়াসিন ঘটনার পরপরই পালিয়ে যান।

হাসপাতাল সূত্র জানায়, শিশুটি চলতি মাসের ১৭ জানুয়ারি প্রফেসর নুরুল্লাহর অধীনে চিকিৎসার জন্য ওই ওয়ার্ডে ভর্তি হয়। চিকিৎসা পরিকল্পনা অনুযায়ী তার আঙুলে একটি অস্ত্রোপচার করার কথা ছিল।

হাসপাতালের নিয়ম অনুযায়ী অপারেশনের আগে প্রয়োজনীয় ইনজেকশন অপারেশন থিয়েটারে দেওয়ার কথা থাকলেও সিনিয়র স্টাফ নার্স ইয়াসিন সেই নিয়ম লঙ্ঘন করে ওয়ার্ডেই শিশুটিকে ইনজেকশন দেন। ইনজেকশন দেওয়ার পরপরই শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং অল্প সময়ের মধ্যেই তার মৃত্যু হয়। কী ধরনের ইনজেকশন প্রয়োগ করা হয়েছিল, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য জানাতে পারেনি।

আরও পড়ুন: আরও পড়ুন: ৩৫ জেলায় নিপাহ ভাইরাস: দুই বছরে ৯ মৃত্যু, সতর্কবার্তা আইইডিসিআরের

নিহত শিশুর বাবা কামরুজ্জামান অভিযোগ করে বলেন, তার মেয়ে সম্পূর্ণ সুস্থ-সবল ছিল এবং চিকিৎসার জন্যই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গ্রামবাড়ি রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুটির একটি আঙুল বাঁকা হয়ে যাওয়ায় সেটি অপারেশনের মাধ্যমে সোজা করার কথা ছিল। এছাড়া তার কোনো শারীরিক জটিলতা ছিল না। অপারেশনের আগেই একটি ইনজেকশন পুশ করার পরপরই মেয়ের মৃত্যু হয়, যা তিনি স্পষ্টতই ভুল চিকিৎসার ফল বলে দাবি করেন।

হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ সেহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নার্সের ভুল ইনজেকশনের কারণেই শিশুটির মৃত্যু হয়েছে এবং এটি একটি অপরাধমূলক ঘটনা। কী ধরনের ইনজেকশন দেওয়া হয়েছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অভিযুক্ত নার্সকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে বিষয়টি পরিষ্কার হবে বলে তিনি জানান। এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত শেষে অভিযুক্ত নার্সের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। পাশাপাশি শিশুটির পরিবারকে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতিও দেন হাসপাতাল পরিচালক।

হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, ঘটনার পরপরই অভিযুক্ত নার্স ইয়াসিন হাসপাতাল এলাকা ত্যাগ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতাল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পলাতক নার্সকে শনাক্ত ও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, সাত বছরের এক শিশুর ভুল চিকিৎসাজনিত মৃত্যুর ঘটনায় শিশুটির বাবা থানায় এসে অভিযোগ করেছেন। পুলিশ তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে এবং লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। বিষয়টি আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়