News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪২, ৮ মার্চ ২০২৬

রাজধানীর ৩ হাসপাতালে চিরুনি অভিযান: ২০ দালাল গ্রেফতার

রাজধানীর ৩ হাসপাতালে চিরুনি অভিযান: ২০ দালাল গ্রেফতার

ছবি: সংগৃহীত

রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে শৃঙ্খলা ফেরাতে ও দালাল চক্রের অপতৎপরতা বন্ধে ব্যাপক তৎপরতা শুরু করেছে সরকার। এরই ধারাবাহিকতায় রবিবার (০৮ মার্চ) সকাল থেকে রাজধানীর তিনটি প্রধান সরকারি হাসপাতালে একযোগে ‘চিরুনি অভিযান’ পরিচালনা করেছে র‍্যাব-২। 

অভিযানে ২০ জন দালালকে হাতেনাতে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। একই দিনে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন করে অব্যবস্থাপনার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

র‍্যাব-২ এর পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার সকাল থেকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এই সমন্বিত অভিযান চালানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের গৃহীত ‘দালালবিরোধী সাত দফা কর্মসূচির’ অংশ হিসেবে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়। আটককৃত ২০ জন দালাল দীর্ঘদিন ধরে অসহায় রোগীদের উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে সরকারি হাসপাতালের বাইরে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে প্রতারণা করে আসছিল। ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে তাদের অপরাধ যাচাই করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও প্রশাসনিক শাস্তি প্রদান করেন।

অন্যদিকে, সকালে রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সেখানে তিনি হাসপাতালের ওয়ার্ড, শৌচাগার ও সার্বিক চিকিৎসা ব্যবস্থাপনা সরেজমিনে দেখেন।

আরও পড়ুন: ‘সিভিল সার্জনদের অফিসে বসে থাকা চলবে না, যেতে হবে ভিজিটে’

হাসপাতালের লিডারশিপ সংকট ও অব্যবস্থাপনা দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, হাসপাতালের ভেতর দালাল পাওয়া গেলে শুধু তাদের নয়, সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধেও কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। 

তিনি আরও জানান, এখন থেকে ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন, রোগীদের আর দালালের পেছনে ঘুরতে হবে না। নির্দিষ্ট ডিউটি রোস্টার না মানলে চিকিৎসক ও কর্মকর্তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি।

অভিযান ও সরকারি তৎপরতাকে স্বাগত জানিয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ সেহাব উদ্দিন জানান, হাসপাতাল এলাকাকে দালালমুক্ত রাখতে প্রশাসন এখন আগের চেয়ে অনেক বেশি কঠোর। রোগীদের ভোগান্তি কমাতে হাসপাতালের ভেতরে পর্যাপ্ত হুইলচেয়ার সরবরাহ নিশ্চিত করা হয়েছে এবং সব পর্যায়ের স্টাফদের জন্য নির্ধারিত ইউনিফর্ম বা পোশাক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। হাসপাতাল চত্বরে বহিরাগতদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণেও বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই সমন্বিত উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ভুক্তভোগী রোগী ও তাদের স্বজনরা। তারা আশা করছেন, নিয়মিত এ ধরনের তদারকি চললে সরকারি হাসপাতালগুলোতে সাধারণ মানুষের হয়রানি স্থায়ীভাবে বন্ধ হবে এবং সেবার মান উন্নত হবে। 

স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, পর্যায়ক্রমে দেশের সব বড় হাসপাতালে এ ধরনের ঝটিকা পরিদর্শন ও শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়