২৪ ঘণ্টায় ১৪ ডেঙ্গু রোগী শনাক্ত, মৃত্যু নেই
ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে স্বস্তির বিষয় হলো, এই সময়ে এডিস মশাবাহিত এই রোগে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
সোমবার (১৬ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চারজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুইজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছেন।
একই সময়ে চিকিৎসা শেষে নয়জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর ফলে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬০১ জনে।
আরও পড়ুন: ‘জুনের মধ্যেই চালু হচ্ছে জাতীয় ই-হেলথ কার্ড’
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৬৮ জন। আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৩ শতাংশ নারী। এ বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে।
এদিকে আগের বছরগুলোর পরিসংখ্যান বলছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং এ রোগে মারা যান ৪১৩ জন। তার আগের বছর ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে মশার বিস্তার রোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








