News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৪৬, ১৪ জানুয়ারি ২০২৬

মৃত্যুহীন দিনে ৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে

মৃত্যুহীন দিনে ৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৩৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। 

বুধবার (১৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে তিন জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে পাঁচ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুই জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুই জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রোগী রয়েছেন।

একই সময়ে ৪০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর ১৪ জানুয়ারি পর্যন্ত মোট ৪৮৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি, আক্রান্ত ৩৬

২০২৬ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত চলতি বছরে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮১ জন। আক্রান্তদের মধ্যে ৬২.০৪ শতাংশ পুরুষ এবং ৩৭.০৬ শতাংশ নারী। চলতি বছরে এ পর্যন্ত একজনের মৃত্যু ঘটেছে।

প্রসঙ্গত, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১,০২,৮৬১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন এবং এসময় ৪১৩ জনের মৃত্যু হয়েছে। ২০২৪ সালের পুরো বছরে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১,০১,২১৪ জন এবং মৃত্যু হয়েছে ৫৭৫ জনের। ২০২৩ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ১,৭০৫ জনের, এছাড়া একই বছর ৩,২১,১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হন।

স্বাস্থ্য অধিদপ্তর জনসাধারণকে সতর্ক থাকতে এবং ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করেছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়