ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি, আক্রান্ত ৩৬
ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। একই সময়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ৩৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) সাতজন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে পাঁচজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আটজন, ময়মনসিংহ বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) একজন এবং রাজশাহী বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) পাঁচজন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ৪৪২ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
আরও পড়ুন: ডেঙ্গুতে নতুন বছরের প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩
চলতি বছরের ১৩ জানুয়ারি পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৬ জন। আক্রান্তদের মধ্যে ৬২.৫ শতাংশ পুরুষ ও ৩৭.৫ শতাংশ নারী। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা এক জন।
এর আগে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১,০২,৮৬১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হন এবং ৪১৩ জনের মৃত্যু হয়। ২০২৪ সালে একই সময়ে মোট আক্রান্ত ছিলেন ১,০১,২১৪ জন এবং মৃত্যুর সংখ্যা ছিল ৫৭৫।
দীর্ঘমেয়াদি পরিসংখ্যানে দেখা যায়, ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১,৭০৫ জনের মৃত্যু হয়েছে এবং সেই বছর হাসপাতাল ভর্তি হন ৩,২১,১৭৯ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, নাগরিকদের মধ্যে সচেতনতা ও স্থানীয় স্বাস্থ্য সংস্থাগুলোর নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের ফলে চলতি বছরের শুরু থেকে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর হার আগের বছরের তুলনায় কম রাখা সম্ভব হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








