বিজয়-তৃষার ঘনিষ্ঠতা নিয়ে নতুন গুঞ্জন
ছবি: সংগৃহীত
দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা থালাপতি বিজয়ের ২৭ বছরের দাম্পত্য জীবন নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে। দীর্ঘদিনের স্ত্রী সঙ্গীতা সোরনালিগমের সঙ্গে তার দূরত্বের খবরের মধ্যেই অভিনেত্রী তৃষা কৃষ্ণনের সঙ্গে বিজয়ের ঘনিষ্ঠতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।
সম্প্রতি চেন্নাইয়ে একটি বিয়ের অনুষ্ঠানে বিজয় ও তৃষাকে একসঙ্গে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিজয় গাড়ি থেকে ফুলের তোড়া হাতে নামছেন এবং তার ঠিক পেছনেই হেঁটে আসছেন তৃষা। জনসমক্ষে তাদের এই উপস্থিতি ঘিরেই নতুন করে জল্পনা শুরু হয়েছে।
নেটিজেনদের একাংশ সরাসরি প্রশ্ন তুলেছেন, তবে কি স্ত্রী সঙ্গীতার সঙ্গে বিচ্ছেদ এখন কেবল সময়ের ব্যাপার? কেউ কেউ আবার এই বিষয়টিকে ঘিরে নানা সমালোচনাও করছেন।
ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিজয়ের স্ত্রী সঙ্গীতা সোরনালিগম ইতোমধ্যে পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। ১৯৯৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির সংসারে রয়েছে দুই সন্তান। দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনের এমন গুঞ্জনে হতাশ হয়েছেন অনেক ভক্ত।
এদিকে বিতর্কের মধ্যে নতুন করে আলোচনায় এসেছেন বিজয়ের দেহরক্ষী অরুণ সুরেশ। বিয়ের অনুষ্ঠানে বিজয় ও তৃষা পৌঁছানোর আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। সেখানে লেখা ছিল, “সব গুঞ্জনকে সরিয়ে এবার উঠে দাঁড়ানোর সময় এসেছে।” যদিও কিছুক্ষণ পরই তিনি পোস্টটি মুছে ফেলেন, তবে সেটি ঘিরেও তৈরি হয়েছে নতুন আলোচনা।
আরও পড়ুন: ৯৮তম অস্কারে প্রেজেন্টার হিসেবে থাকছেন প্রিয়াঙ্কা চোপড়া
বিজয় ও তৃষার জুটি নতুন নয়। ২০০৪ সালে ‘গিল্লি’ সিনেমার মাধ্যমে এই জুটির জনপ্রিয়তা শুরু হয়। এরপর কয়েকটি সফল সিনেমায় একসঙ্গে অভিনয় করলেও ২০০৮ সালের পর প্রায় ১৪ বছর তাদের একসঙ্গে দেখা যায়নি। সে সময় তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জনও শোনা গিয়েছিল বলে ভারতীয় গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








