৯৮তম অস্কারে প্রেজেন্টার হিসেবে থাকছেন প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন অস্কার বা ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে পুরস্কার উপস্থাপক (প্রেজেন্টার) হিসেবে থাকছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
শুক্রবার (৬ মার্চ) সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আগামী ১৫ মার্চ লস অ্যাঞ্জেলেসে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এবারের অস্কার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এবারের আসরে প্রিয়াঙ্কা চোপড়ার পাশাপাশি প্রেজেন্টার হিসেবে দেখা যাবে হলিউড তারকা অ্যান হ্যাথাওয়ে, রবার্ট ডাউনি জুনিয়র এবং গুইনেথ প্যালট্রোকে। বিশেষ করে রবার্ট ডাউনি জুনিয়র ও গুইনেথ প্যালট্রোর একসঙ্গে মঞ্চে উপস্থিতি আয়রন ম্যান ফ্র্যাঞ্চাইজির ভক্তদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠতে পারে।
সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে আসন্ন এই অনুষ্ঠানে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা। এর আগে চলতি বছরে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে কে-পপ তারকা লিসার সঙ্গে পুরস্কার উপস্থাপন করে আন্তর্জাতিক অঙ্গনে নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন তিনি।
ভারতীয় তারকা হিসেবে প্রিয়াঙ্কার আগে ৯৫তম অস্কার আসরে প্রেজেন্টার হিসেবে মঞ্চে উঠেছিলেন দীপিকা পাড়ুকোন। সে সময় তিনি আরআরআর সিনেমার বিশ্বখ্যাত গান নাটু নাটুয়ের পরিচয় করিয়ে দেন।
এবারের ৯৮তম অস্কার অনুষ্ঠানের সঞ্চালনায় থাকবেন জনপ্রিয় উপস্থাপক কোনান ও’ব্রায়েন।
আরও পড়ুন: বক্স অফিস কাঁপাচ্ছে কেরালা স্টোরি ২!
এদিকে চলতি বছর ১৬টি মনোনয়ন নিয়ে অস্কারের দৌড়ে শীর্ষে রয়েছে সিনার্স। সেরা অভিনেতা ও অভিনেত্রী বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিমোথি শালামে, লিওনার্দো ডিক্যাপ্রিও এবং জেসি বাকলি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








