বক্স অফিস কাঁপাচ্ছে কেরালা স্টোরি ২!
ছবি: সংগৃহীত
মুক্তির শুরুটা ছিল কিছুটা মন্থর। তবে সময় গড়াতেই বক্স অফিসে ঘুরে দাঁড়িয়েছে বহুল আলোচিত সিনেমা দ্য কেরালা স্টোরি ২।। শুরুতে ধীরগতির পর মাত্র ছয় দিনেই প্রেক্ষাগৃহে দর্শক টানতে শুরু করেছে ছবিটি। বাণিজ্য বিশ্লেষকদের অনেক হিসাব-নিকাশ পাল্টে দিয়ে এখন বক্স অফিসে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই সিক্যুয়াল।
সাধারণত সপ্তাহের কর্মদিবসগুলোতে সিনেমার আয় কিছুটা কমে যায়। তবে এই ছবির ক্ষেত্রে দেখা গেছে ভিন্ন চিত্র। সোমবার ছবিটির আয় ছিল প্রায় ২.৫ কোটি টাকা। মঙ্গলবার (পঞ্চম দিন) সেই আয় একলাফে প্রায় ৬০ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪ কোটি টাকায়। দর্শকদের এই সাড়া ছবিটির জনপ্রিয়তার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বুধবার (৪ মার্চ) ভারতে পালিত হয়েছে হলি উৎসব। উৎসবের দিন হলেও প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতি কমেনি। প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, ষষ্ঠ দিনে ছবিটি প্রায় ৩.০৭ কোটি টাকা আয় করেছে। মঙ্গলবারের তুলনায় কিছুটা কম হলেও উৎসবের দিন হিসেবে এই সংগ্রহকে শক্ত অবস্থান বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। বর্তমানে ছবিটির মোট আয় প্রায় ২০ কোটি টাকার কাছাকাছি।
মুক্তির প্রথম দিনে মাত্র ০.৭৫ কোটি টাকা আয় দিয়ে যাত্রা শুরু করেছিল সিনেমাটি। তবে শনিবার ৪.৬৫ কোটি এবং রবিবার ৪.৭৫ কোটি টাকা আয় করে বড় চমক দেখায়। সপ্তাহের বাকি দিনগুলোতেও আয়ের ধারাবাহিকতা বজায় থাকায় ধারণা করা হচ্ছে, প্রথম সপ্তাহ শেষ হওয়ার আগেই ছবিটি তার নির্মাণ ব্যয় তুলে ফেলতে পারে।
আরও পড়ুন: সহশিল্পীকে মারধরের অভিযোগের বিষয়ে মুখ খুললেন তিশা
ছবিটি প্রযোজনা করেছেন বিপুল অমৃতলাল শাহ। মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সিনেমা অঙ্গনে ছবিটি নিয়ে আলোচনা চলছে। এই গতি বজায় থাকলে সামনে আরও বড় রেকর্ড গড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নিউজবাংলাদেশ.কম/এসবি








