ফটিকছড়িতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের ফটিকছড়িতে ১৯তম রোজার ইফতারের ঠিক আগ মুহূর্তে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (০৯ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ফটিকছড়ি-খাগড়াছড়ি সড়কের পাইন্দং ইউনিয়নের পেলাগাজী দীঘি মোড় এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাসের যাত্রীসহ অন্তত ১৫ থেকে ১৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম অভিমুখী একটি যাত্রীবাহী দ্রুতগতির দূরপাল্লার বাস পাইন্দংয়ের পেলাগাজী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের প্রচণ্ডতায় মোটরসাইকেলটি ছিটকে গিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের জমিতে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের একজন আরোহী প্রাণ হারান।
আরও পড়ুন: সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় টাঙ্গাইলের প্রবাসী নিহত
স্থানীয় জনতা দ্রুত উদ্ধার কাজ শুরু করে এবং হতাহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। নিহত তিনজনেই মোটরসাইকেলের যাত্রী ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের বিস্তারিত নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
ফটিকছড়ি থানার ডিউটি অফিসার ও সহকারী উপ-পরিদর্শক মোহাম্মদ সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইফতারের পূর্ব মুহূর্তে দুর্ঘটনাটি ঘটায় ব্যাপক হতাহতের আশঙ্কা তৈরি হয়েছিল। দুর্ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।
এদিকে, ইফতারের আগ মুহূর্তে এমন মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত যানবাহন উদ্ধার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








