নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৫০, ১৫ আগস্ট ২০২৬

লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৫

লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৫

ছবি: নিউজবাংলাদেশ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় একটি বেপরোয়া ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও অন্তত চার থেকে পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার সোনালী ব্যাংক চত্বর সংলগ্ন লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন হাতীবান্ধা উপজেলার পশ্চিম সারডুবী এলাকার তৈয়ব আলীর ছেলে জহুরুল ইসলাম (৫২) এবং সিংসিমারী শস্যগুদাম এলাকার আব্দুল মজিদ।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বুড়িমারী স্থলবন্দরগামী দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সামনে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সজোরে চাপা দেয়। এরপর নিয়ন্ত্রণহীন ভারী যানটি সড়কের পাশে থাকা একটি মোটরসাইকেলের শোরুমের ভেতর ঢুকে পড়ে। এই আকস্মিক ও ভয়াবহ সংঘর্ষে অটোরিকশার যাত্রী জহুরুল ইসলাম ও আব্দুল মজিদ ঘটনাস্থলেই প্রাণ হারান।

আরও পড়ুন: চকরিয়ায় বাসের সঙ্গে সংঘর্ষে লেগুনার ৪ যাত্রী নিহত, আহত ৫

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন এবং আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আহতদের মধ্যে দু'জনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার জানান, দুর্ঘটনার পরই ট্রাকচালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি পুলিশ জব্দ করেছে। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে আইনি প্রক্রিয়া গ্রহণের কাজ চলমান রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়