News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪০, ৩১ মার্চ ২০২৬

ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল

ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল

ছবি: সংগৃহীত

ভারতের নুমালীগড় থেকে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছেছে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল। এর ফলে মার্চ মাসে ভারত থেকে মোট ডিজেল আমদানির পরিমাণ দাঁড়াল ২২ হাজার মেট্রিক টনে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টায় চালানটি ডিপোতে পৌঁছায় বলে নিশ্চিত করেছেন পার্বতীপুর পদ্মা ওয়েল পিএলসি রেলহেড ডিপোর ডেপুটি ম্যানেজার (অপারেশন) আহসান হাবিব চৌধুরী।

তিনি জানান, গত শনিবার (২৮ মার্চ) সকাল ৭টায় ভারতের নুমালীগড় রিফাইনারিজ লিমিটেড থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ শুরু হয়। প্রায় ১৪৬ ঘণ্টা পর মঙ্গলবার সকালে তা পার্বতীপুরে পৌঁছে।

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি অব্যাহত রেখেছে সরকার। এর আগে গত ১১ মার্চ প্রথম দফায় ৫ হাজার টন ডিজেল পার্বতীপুর ডিপোতে আসে।

পরবর্তীতে দ্বিতীয় ও তৃতীয় দফায় আরও ১০ হাজার টন ডিজেল আমদানি করা হয়। সব মিলিয়ে মার্চে তিন ধাপে ১৫ হাজার টন এবং সর্বশেষ চালানসহ মোট ২২ হাজার টন ডিজেল আমদানি হয়েছে।

জ্বালানি বিভাগের সূত্র জানায়, এপ্রিল মাসে আরও ৪০ হাজার টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। এ জন্য ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড (আইওসিএল) ও নুমালীগড় রিফাইনারি লিমিটেডের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।

আরও পড়ুন: দেশে ১.৯২ লাখ মেট্রিক টন জ্বালানি তেলের মজুদ, সংকট নেই: জ্বালানি বিভাগ

প্রস্তাব অনুযায়ী, প্রতি সপ্তাহে ১০ হাজার টন করে ডিজেল বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুর রিসিপ্ট টার্মিনালে পৌঁছাবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়