সবজিতে স্বস্তি, চাল-ডালের দাম বাড়তি
ছবি: সংগৃহীত
শীতের এই মৌসুমে ঢাকার কাঁচাবাজারে নানা ধরনের সবজি ভরপুর। সরবরাহ ভালো থাকায় দাম কিছুটা ওঠানামা করলেও মোটামুটি নাগালের মধ্যে রয়েছে। ডিম, মুরগি ও মাছের দামও স্থিতিশীল রয়েছে।
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে ঢাকার বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
খুচরা বাজারে চিকন চালের দাম কেজিতে ৩ থেকে ৫ টাকা বেড়েছে। মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮৮ টাকা, নাজিরশাইল চাল ৭৫ থেকে ৯০ টাকা কেজি দরে। ছোট দানার মসুর ডালের দাম বেড়ে ১৬০ থেকে ১৬৫ টাকা কেজি হয়েছে। তবে মোটা দানার মসুর ডাল কেজিতে ১০ টাকা কমে ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজির দামের চিত্রও তুলনামূলক স্বস্তিদায়ক। আলু, শিম, মুলা, ওলকপি সহ বেশিরভাগ সবজির দাম ৩০ থেকে ৬০ টাকা কেজি। বড় আকারের পাকা টমেটো ১০০ থেকে ১২০ টাকা, মাঝারি মানের টমেটো ৮০ থেকে ৯০ টাকা, কাঁচা টমেটো ৫০ থেকে ৬০ টাকা কেজি। লাউ ৯০ থেকে ১১০ টাকা, শসা ১০০ থেকে ১২০ টাকা, কাঁচামরিচ ১৬০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা, পটোল ও ঢেঁড়স ৯০ থেকে ১০০ টাকা। ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা, বেগুন ৬০ থেকে ৮০ টাকা, পেঁপে ৩০ থেকে ৪০ টাকা, মুলা ৪০ টাকা ও গাজর ৫০ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি নিয়ে বিশ্বব্যাংকের পূর্বাভাস
বাজার সূত্রে জানা গেছে, নতুন মৌসুমে আউশ, আমন ও নাজিরশাইল চাল বাজারে আসতে শুরু করলেও সরবরাহ বাড়ার আগেই পুরনো চালের দাম বৃদ্ধি পেয়েছে, যা ভোক্তাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








