দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
ছবি: সংগৃহীত
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শনিবার (১৫ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের কথা জানায় বাজুস। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
এর আগে, সর্বশেষ ১৪ আগস্ট সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা নির্ধারণ করা হয়েছিল। অর্থাৎ এক দিনের ব্যবধানেই আবারও একই পরিমাণ বাড়ানো হলো সোনার দাম।
বাজুসের হিসাবে, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১০৪ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫২ দফা দাম বাড়ানো, ৫১ দফা কমানো এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।
এদিকে সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ১৪৯ টাকা।
আরও পড়ুন: রাজধানীর বাজারে অধিকাংশ সবজি ৮০ টাকার ওপরে
চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ৬২ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ দফা দাম বাড়ানো এবং ৩০ দফা কমানো হয়েছে। ২০২৫ সালে রুপার দাম ১৩ বার সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ১০ বার বাড়ানো এবং তিনবার কমানো হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








