বাড়লো বৈদেশিক মুদ্রার রিজার্ভ
ফাইল ছবি
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২ আগস্ট পর্যন্ত দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৪৬ বিলিয়ন মার্কিন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, বর্তমানে দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩৬ হাজার ৪৬৯ দশমিক ৯৪ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাবপদ্ধতি (বিপিএম-৬) অনুযায়ী, রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৬৫১ দশমিক ৯৭ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ৩১ দশমিক ৬৫ বিলিয়ন ডলার।
এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে প্রবাসী আয় এসেছে ২ দশমিক ৮৫৯ বিলিয়ন মার্কিন ডলার। আগের বছরের একই মাসে এ পরিমাণ ছিল ২ দশমিক ৪৭৮ বিলিয়ন ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১৫ দশমিক ৪ শতাংশ।
সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাই মাসের শেষ দুই দিনে (৩০ ও ৩১ জুলাই) প্রবাসী বাংলাদেশিরা প্রায় ১৫২ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন, যা মাসের মোট প্রবাসী আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
আরও পড়ুন: ১০০ টাকার প্রাইজবন্ডের ১২৪তম ড্র এর ফল প্রকাশ
বিশ্লেষকদের মতে, প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী করতে এবং দেশের বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








