স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৫০, ২ আগস্ট ২০২৬

জুলাইয়ে দেশে এলো ২৮৬ কোটি ডলার রেমিট্যান্স

জুলাইয়ে দেশে এলো ২৮৬ কোটি ডলার রেমিট্যান্স

ফাইল ছবি

সদ্য সমাপ্ত জুলাই মাসে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ২৮৫ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৫ হাজার ৪০০ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা ৮৩ পয়সা ধরে)।

রবিবার (২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে এসেছে ২৮৫ কোটি ৯০ লাখ ডলার প্রবাসী আয়। আগের অর্থবছরের একই মাসে এ পরিমাণ ছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে জুলাই মাসে রেমিট্যান্স বেড়েছে ১৫ দশমিক ৪ শতাংশ।

এর আগে ২০২৫-২৬ অর্থবছরের শেষ মাস জুনে দেশে এসেছিল ২৮২ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-জুন) ১২ মাসে বৈধ চ্যানেলে মোট ৩ হাজার ৫৫৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। আগের অর্থবছরে এ পরিমাণ ছিল ৩ হাজার ৩২ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৫২৬ কোটি ডলার বা ১৭ দশমিক ৩ শতাংশ, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের রেকর্ড।

আরও পড়ুন: ১২ কেজি এলপিজির দাম বাড়লো ৭০ টাকা

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মতে, হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন উদ্যোগ, প্রবাসীদের জন্য নগদ প্রণোদনা, ব্যাংকিং সেবা সহজলভ্য হওয়া এবং বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর সুযোগ বাড়ার ফলে রেমিট্যান্স প্রবাহ ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়