কাঁচামরিচ ৪০০ টাকা কেজি, বাড়ছে পেঁয়াজ ও ডিমের দামও
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টি ও দেশের কয়েকটি এলাকায় বন্যার প্রভাবে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। রাজধানীর বাজারগুলোতে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। একই সঙ্গে বেড়েছে পেঁয়াজ ও ডিমের দাম।
শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর সেগুনবাগিচা ও শান্তিনগর বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বিক্রেতারা জানান, বর্তমানে প্রতি ১০০ গ্রাম কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৪০ টাকা এবং ২৫০ গ্রাম ১০০ টাকায়। তবে আধা কেজি বা এক কেজি কিনলে দাম কিছুটা কম রাখা হচ্ছে।
সেগুনবাগিচা বাজারের বিক্রেতা মুকুল মিয়া বলেন, এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিপ্রতি প্রায় ১০০ টাকা বেড়েছে। গত সপ্তাহে এটি ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হলেও তার আগের সপ্তাহে ছিল ১৮০ থেকে ২০০ টাকা।
পেঁয়াজের বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। দেড় থেকে দুই সপ্তাহ আগে দেশি পেঁয়াজের দাম ছিল কেজিপ্রতি ৪০ থেকে ৪৫ টাকা। বর্তমানে মানভেদে তা ৫৫ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। চার দিন আগেও একই পেঁয়াজের দাম ছিল ৫০ থেকে ৬০ টাকা।
শান্তিনগর বাজারের ব্যবসায়ী রিদোয়ান হক বলেন, পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরা বাজারেও বেশি দামে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে। ভালো মানের পাবনার পেঁয়াজ কেজিপ্রতি ৬৫ টাকায় বিক্রি হচ্ছে।
সবজির বাজারেও উচ্চ দাম বজায় রয়েছে। লম্বা বেগুন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকা, গোল বেগুন ১৮০ টাকা এবং সাদা বেগুন ১৪০ টাকা কেজি দরে। তবে ধুন্দল ও পটলের দাম কিছুটা কমে ৬০ থেকে ৮০ টাকায় নেমেছে। এ ছাড়া করলা ১২০ থেকে ১৪০ টাকা, কচুরমুখী ৮০ থেকে ১০০ টাকা, বরবটি ১১০ থেকে ১৩০ টাকা এবং চিচিঙ্গা ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: আবারও বাড়লো সোনার দাম
এদিকে ফার্মের ডিমের দামও বেড়েছে। গত সপ্তাহে প্রতি ডজন ১৩৫ থেকে ১৪০ টাকায় বিক্রি হলেও এখন তা ১৪৫ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। এক মাস আগে একই ডজন ডিমের দাম ছিল ১২০ থেকে ১৩০ টাকা। তবে ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৮০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ থেকে ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








