প্রায় দুই বছর পর নীতি সুদহার কমালো বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত
প্রায় দুই বছর পর নীতি সুদহার কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি কমিটি নীতি সুদহার ১০ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ৯ শতাংশ নির্ধারণ করেছে। নতুন এ হার আগামী ২ আগস্ট থেকে কার্যকর হবে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নীতি সুদহারের পাশাপাশি ঋণ সহায়তা সুবিধার সুদহার সাড়ে ১১ শতাংশ থেকে কমিয়ে ১১ শতাংশ করা হয়েছে। তবে **আমানত গ্রহণ সুবিধার সুদহার সাড়ে ৭ শতাংশেই অপরিবর্তিত রাখা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মূল্যস্ফীতি, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, বিনিয়োগ, বেসরকারি খাতে ঋণপ্রবাহ এবং কর্মসংস্থানের সামগ্রিক অবস্থা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ক্যাশলেস লেনদেনে চার্জমুক্ত হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীরা
এর আগে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত নীতি সুদহার ছিল সাড়ে ৯ শতাংশ। পরে ২০২৪ সালের ২৭ অক্টোবর তা বাড়িয়ে ১০ শতাংশ করা হয়। এরপর প্রায় দুই বছর সেই হার অপরিবর্তিত ছিল। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২ আগস্ট থেকে নীতি সুদহার আবার সাড়ে ৯ শতাংশে কার্যকর হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








