News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৩৩, ৬ মার্চ ২০২৬

গ্যাস সংকটে ঘোড়াশাল-পলাশ সার কারখানার উৎপাদন বন্ধ

গ্যাস সংকটে ঘোড়াশাল-পলাশ সার কারখানার উৎপাদন বন্ধ

ছবি: সংগৃহীত

দেশে চলমান তীব্র গ্যাস সংকটের কারণে নরসিংদীর পলাশে অবস্থিত দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ ও পরিবেশবান্ধব সার কারখানা ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি’র উৎপাদন বন্ধ হয়ে গেছে।

বুধবার (৪ মার্চ) বিকাল থেকে সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে কারখানাটির সার উৎপাদন বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. ফখরুল আলম।

কারখানা সূত্রে জানা গেছে, প্রতিদিন প্রায় ২ হাজার ৮৪০ মেট্রিক টন সার উৎপাদন সক্ষমতাসম্পন্ন এই কারখানাটি শতভাগ উৎপাদন ক্ষমতায় চালু ছিল। গ্যাস সংকটের কারণে উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন বিপুল পরিমাণ সার উৎপাদন ব্যাহত হচ্ছে। সার উৎপাদনের পুরো প্রক্রিয়াটিই গ্যাসনির্ভর হওয়ায় পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকলে উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব হয় না।

সূত্র আরও জানায়, উৎপাদন বন্ধ থাকলেও কারখানার গুদামে বর্তমানে প্রায় ৫ লাখ ২৫ হাজার মেট্রিক টন সার মজুত রয়েছে। কারখানাটিতে নিরবচ্ছিন্ন উৎপাদন চালিয়ে যেতে দৈনিক ৭১ থেকে ৭২ পিএসআই গ্যাস প্রয়োজন হয়। তবে ৫২ থেকে ৫৩ পিএসআই গ্যাস পাওয়া গেলে সীমিত পরিসরে উৎপাদন চালিয়ে রাখা সম্ভব।

কারখানার প্রশাসনিক কর্মকর্তারা জানান, পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত হলে আবারও পূর্ণ সক্ষমতায় উৎপাদন শুরু করা যাবে। তবে কবে নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি তারা।

আরও পড়ুন: রাজধানীর বাজারে সবজিতে স্বস্তি, দাম বেড়েছে ব্রয়লার মুরগির

এদিকে পলাশে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি কার্যালয়ে গিয়ে কাউকে পাওয়া যায়নি। পরে দায়িত্বরত ম্যানেজার আল আমীনের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া মেলেনি।
 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়