লালমনিরহাট সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:১৮, ২ অক্টোবর ২০২৬

বিএনপি প্রমাণ করেছে আইন সবার ওপরে: আজিজুল বারী হেলাল

বিএনপি প্রমাণ করেছে আইন সবার ওপরে: আজিজুল বারী হেলাল

ফাইল ছবি

বিএনপি আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল দলটি নিজেদের সিদ্ধান্তের মধ্য দিয়ে তা প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।

শুক্রবার (০২ অক্টোবর) সন্ধ্যায় খুলনা জেলা যুবদলের নতুন কমিটি গঠন উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি নাদিমুজ্জামান জনি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন।

সমাবেশে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে আজিজুল বারী হেলাল বলেন, জামায়াতে ইসলামীর কাছে ক্ষমতা সবসময়ই বড় বিষয়। তারা নৈতিক স্খলনজনিত অভিযোগে অভিযুক্ত দলীয় সংসদ সদস্যের পদ শূন্য না করে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষা করেছে। এর বিপরীতে বিএনপি সব সময় জনমত বা পাবলিক পারসেপশনের প্রতি সম্মান প্রদর্শন করেছে এবং দলের কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠলে নৈতিক অবস্থান থেকে সংসদ সদস্যের পদ শূন্য ঘোষণা করেছে। এটিই প্রমাণ করে যে বিএনপির কাছে দলের ঊর্ধ্বে সবসময় আইন ও নীতি নৈতিকতা প্রাধান্য পায়।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের পরাজিত শক্তি এবং ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে পরাজিত শক্তিরা বর্তমানে দেশের বিরুদ্ধে নানা ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই দেশবিরোধী অপচেষ্টা ও ষড়যন্ত্র সফল হতে দেওয়া যাবে না। গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় যুবদল এবং ছাত্রদলসহ দলীয় নেতাকর্মীদের অত্যন্ত সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পি এবং জেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মন্টু। তারাও দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশের স্বার্থে কাজ চালিয়ে যাওয়ার তাগিদ দেন। এর আগে নতুন কমিটি গঠনের পর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। নগরীর রেল স্টেশন এলাকা থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় শোভাযাত্রায় বাদ্যযন্ত্রের পাশাপাশি ঐতিহ্যবাহী বাংলার লাঠিখেলা প্রদর্শিত হয়, যা উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে বাড়তি উৎসাহ তৈরি করে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়