ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৭ বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ
ছবি: সংগৃহীত
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ। সূচি অনুযায়ী, আগামী ৮ অক্টোবর উইন্ডহোকে ইংলিশদের মুখোমুখি হবে টাইগাররা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে আগামী ২ অক্টোবর শুরু হবে বিশ্বকাপের আসর। উইন্ডহোকে তিন দলকে নিয়ে অনুষ্ঠিত হবে সুপার সিরিজ। সেখান থেকে নির্ধারিত হবে গ্রুপ পর্বের শেষ দল। মূল গ্রুপ পর্ব শুরু হবে ৭ অক্টোবর।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কেপটাউনে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। ১২ অক্টোবর কুগোম্পো সিটিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
এরপর ১৬ অক্টোবর ডারবানে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। একই ভেন্যুতে ১৯ অক্টোবর স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা।
গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৩ অক্টোবর। তশোয়ানে অনুষ্ঠিত ওই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হবে বাছাইপর্ব থেকে আসা কোয়ালিফায়ার বি দল।
বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রতিটি গ্রুপের শীর্ষ তিন দল সুপার সেভেন পর্বে জায়গা পাবে। দুই গ্রুপের চতুর্থ স্থানে থাকা দলের মধ্যে বেশি পয়েন্ট পাওয়া দলটিও পরের পর্বে খেলার সুযোগ পাবে।
সুপার সেভেন পর্ব চলবে ২৫ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত। এই পর্ব শেষে শীর্ষ চার দল সেমিফাইনালে উঠবে। আগামী ২১ নভেম্বর জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। বৃষ্টি বা অন্য কোনো কারণে নির্ধারিত দিনে ম্যাচ আয়োজন সম্ভব না হলে ২২ নভেম্বর রিজার্ভ ডে রাখা হয়েছে।
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার ১২টি ভেন্যুতে ১৪ দল নিয়ে অনুষ্ঠিত হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ।
আরও পড়ুন: পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশের স্বর্ণ জয়ের স্বপ্নভঙ্গ
বাংলাদেশের গ্রুপ পর্বের সূচি
৮ অক্টোবর: ইংল্যান্ড বনাম বাংলাদেশ- উইন্ডহোক
১২ অক্টোবর: নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ- কুগোম্পো সিটি
১৬ অক্টোবর: শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ- ডারবান
১৯ অক্টোবর: দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ- ডারবান
২৩ অক্টোবর: বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার বি- তশোয়ানে








