নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৪৬, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে কোনো ছাড় নেই: নজরুল

বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে কোনো ছাড় নেই: নজরুল

ছবি: সংগৃহীত

বিএনপির নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি, দখলদারি কিংবা সন্ত্রাসে জড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, বিএনপির প্রকৃত কোনো কর্মী অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে পারেন না। দলের পরিচয় ব্যবহার করে কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতিও আহ্বান জানান তিনি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নজরুল ইসলাম খান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, গুপ্ত ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

নজরুল ইসলাম খান বলেন, শহিদ জিয়ার সঙ্গে যারা কাজ করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে যারা কাজ করেছেন এবং বর্তমানে তারেক রহমানের সঙ্গে যারা কাজ করছেন, তারা নিজেদের স্বার্থে অন্যায়, অত্যাচার, চাঁদাবাজি বা দখলদারির সঙ্গে জড়িত নন। তার ভাষায়, সত্যিকারের জিয়ার কর্মী, দেশের কর্মী কিংবা তারেক রহমানের কর্মী অপরাধী বা সন্ত্রাসী হতে পারেন না।

তিনি বলেন, বিএনপির কোনো কর্মী অপরাধে জড়িত হলে তাকে ছাড় দেওয়া হবে না। কেউ দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি বা সন্ত্রাস করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।

আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম

সমাবেশে শ্রমজীবী মানুষের অবদানের কথাও তুলে ধরেন বিএনপির এই নেতা। তিনি বলেন, নিজেও একজন শ্রমিক এবং দেশের শ্রমিক আন্দোলনের একজন কর্মী। কঠোর পরিশ্রমের মাধ্যমে হালাল উপার্জন করা শ্রমজীবী মানুষ কারও কাছে হাত পাতেন না। মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহৃত যন্ত্রপাতি, পোশাক, লেখার কলম-কাগজ থেকে শুরু করে বসবাসের ঘরবাড়ি ও চলাচলের রাস্তা সবকিছুর পেছনেই শ্রমজীবী মানুষের অবদান রয়েছে। দেশের উৎপাদন ও উন্নয়নে তাই শ্রমজীবী মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দেশের শান্তি ও সমৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার কারণে শিল্পমালিক, শ্রমিক, কর্মস্থল এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্ষতিগ্রস্ত হতে পারে। এ কারণে দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিএনপি ক্ষমতায় এলেই একটি অপশক্তি দলটির বিরুদ্ধে অবস্থান নেয় বলেও মন্তব্য করেন তিনি। নজরুল ইসলাম খান বলেন, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, তখনই একটি অপশক্তি দলটির বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে তিনি মনে করেন। জনগণের শান্তি ও সরকারের উন্নয়ন প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার যেকোনো উদ্যোগের বিরুদ্ধে শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বর্তমান সরকারের মেয়াদ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারকে দায়িত্ব পালনের পর্যাপ্ত সময় না দিয়েই বিচার করার চেষ্টা করা হচ্ছে। সরকারের পাঁচ বছরের মেয়াদের তুলনায় এখনো অল্প সময় অতিবাহিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিবর্তনের প্রত্যয় ব্যক্ত করে নজরুল ইসলাম খান বলেন, জনগণের ওপর আস্থা রেখে এবং আল্লাহর ওপর ভরসা করে সামনে এগিয়ে যেতে হবে। দেশের উৎপাদন ও উন্নয়নের রাজনীতিতে শ্রমজীবী মানুষকে আরও সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। এতে আরও বক্তব্য দেন শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়