এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের ইমরানুর রহমান
বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ছবি: সংগৃহীত
এশিয়ান গেমসে ১০০ মিটার স্প্রিন্টে ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। সেরা ২৪ প্রতিযোগীর মধ্যে ২২তম হয়ে পরবর্তী রাউন্ডে জায়গা করে নিয়েছেন তিনি।
১০০ মিটার স্প্রিন্টে মোট ছয়টি হিট অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ইমরানুর রহমান অংশ নেন পঞ্চম হিটে। এ হিটে মোট সাতজন অ্যাথলেট প্রতিদ্বন্দ্বিতা করেন। একই হিটে ছিলেন দক্ষিণ এশিয়ার দ্রুততম মানব মালদ্বীপের হাসান সাঈদ।
পাঁচ নম্বর লেনে দৌড়ে ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে চতুর্থ হন ইমরান। এ হিটে তৃতীয় হওয়া তাইপের অ্যাথলেট সময় নেন ১০.৩৮ সেকেন্ড।
নিয়ম অনুযায়ী, প্রতিটি হিটের প্রথম তিনজন সরাসরি সেমিফাইনালে ওঠেন। তাঁদের বাইরে ছয়টি হিট মিলিয়ে সেরা টাইমিং করা আরও ছয়জন পরবর্তী রাউন্ডে জায়গা পান।
ইমরানুর রহমান হিটে প্রথম তিনে থাকতে না পারলেও সেরা টাইমিংধারীদের তালিকায় জায়গা করে নেন। ১০০ মিটারে তাঁর ক্যারিয়ার সেরা টাইমিং ১০.১১ সেকেন্ড এবং চলতি মৌসুমের সেরা টাইমিং ১০.২৪ সেকেন্ড। তবে এবার নিজের সেরা সময়ের ধারেকাছেও যেতে পারেননি তিনি।
আরও পড়ুন: শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয়
১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনালে ওঠায় এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে পদকের লড়াইয়ে এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে ইমরানুরের সামনে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








