জাতির প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
মাথা গরম না করে জনতার দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরুর আগে উদ্বোধনী সমাবেশে তিনি এ আহ্বান জানান।
শফিকুর রহমান বলেন, আজকে আমাদের আট দফা। মনে রাখবেন, এটা নয় দফা হতে পারে, ১০ দফা হতে পারে। আবার জাতির প্রয়োজনে যেকোনো সময় এটা এক দফায় পরিণত হতে পারে।
তিনি বলেন, আমরা অনুরোধ করব, হতাশ হয়ে মাথা গরম করবেন না। বরং জনতার দাবি মেনে নেওয়ার চেষ্টা করুন।
জামায়াত আমির আরও বলেন, এক দফায় পরিণত হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। সাম্প্রতিক অতীত থেকে শিক্ষা নিয়ে জনগণের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। দাবি না মানলে কোনো চক্রান্ত-ষড়যন্ত্র কাজে আসবে না বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার মানুষের অধিকার বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। সেই বিষয়টি তুলে ধরতেই লংমার্চের আয়োজন করা হয়েছে।
খেলাফত মজলিসের নেতা মামুনুল হক বলেন, লংমার্চ নিয়ে সরকার ও তাদের তোষামোদকারীদের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে। তিনি বলেন, এই আন্দোলন জনগণের অধিকারের আন্দোলন। বিএনপি মানুষের অধিকার আদায়ে ব্যর্থ হলে তাদের পরিণতি হবে ভিন্ন।
লংমার্চে মানুষের অংশগ্রহণ বাড়ছে এবং দাবি আরও বিস্তৃত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। অধিকার আদায় না হলে এক দফার দিকে অগ্রসর হওয়ার কথাও বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকারের মতো বর্তমান সরকারও একই পথে হাঁটছে। তার অভিযোগ, বিভিন্ন প্রতিষ্ঠান দখল করা হচ্ছে, আইন ব্যবহার করে মানুষকে হয়রানি করা হচ্ছে এবং মানুষের মানবাধিকার কেড়ে নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সম্পন্ন, সিদ্ধান্ত পরে: রিজভী
শনিবার সকাল ৭টার দিকে মানিক মিয়া এভিনিউয়ে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের কর্মসূচি শুরু হয়। পরে রংপুরের উদ্দেশে লংমার্চ রওনা হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








