আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩০, ১৬ আগস্ট ২০২৬

শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত

শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত

ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের আদালত নেবে বলে জানিয়েছেন দেশটির সরকারের এক শীর্ষ কর্মকর্তা। তিনি বলেন, এটি কোনো রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্ত হবে না।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে রবিবার (১৬ আগস্ট) ওই কর্মকর্তা বলেন, প্রত্যর্পণের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আমাদের আদালত। এটি কোনো কূটনৈতিক অথবা রাজনৈতিক সিদ্ধান্ত হবে না। আদালতে প্রমাণ করতে হবে, বাংলাদেশে তিনি যে অপরাধ করেছেন, সেগুলো ভারতের আইন অনুযায়ীও অপরাধ কি না।

ভারত সরকারের আরেক শীর্ষ কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ২০১৩ সালে বাংলাদেশের সঙ্গে ভারতের স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রয়োজনীয় সব নথি সংযুক্ত করে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন। বর্তমানে তিনি নয়াদিল্লির একটি রেস্ট হাউসে রয়েছেন বলে জানা গেছে।

এদিকে আওয়ামী লীগের কয়েকজন নেতা ও সাবেক সংসদ সদস্য দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, শেখ হাসিনা মাঝে মধ্যে দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করেন। তিনি নিয়মিত টেবিল টেনিসও খেলেন বলে তারা দাবি করেছেন।

আরও পড়ুন: তালেবানের ৫ বছর: আফগানিস্তানের নিয়ন্ত্রণ ও গভীর সংকট

জুলাই গণঅভ্যুত্থানের সময় নিরস্ত্র মানুষ হত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়