নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৪০, ২১ জুন ২০২৬

কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশির মৃত্যু

কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশির মৃত্যু

ছবি: সংগৃহীত

কাতারের শাহানিয়া এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি প্রবাসীসহ মোট ছয়জন নিহত হয়েছেন। কর্মস্থলে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি দুর্ঘটনাকবলিত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহত পাঁচ বাংলাদেশিই সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকার বাসিন্দা। 

স্থানীয় সময় শনিবার (২০ জুন) সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত পাঁচ বাংলাদেশি প্রবাসীর পরিচয় নিশ্চিত করেছেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক। 

তিনি জানান, মৃতরা হলেন কানাইঘাটের আগতালুক গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ ও জুবায়ের আহমদ এবং গাছবাড়ি গ্রামের কাদের আহমদ। দুর্ঘটনায় নিহত ষষ্ঠ ব্যক্তি একজন ভারতীয় নাগরিক বলে জানা গেছে।

আরও পড়ুন: ওমানে বিয়ের কেনাকাটা শেষেই লাশ হলেন চট্টগ্রামের ৪ ভাই

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিহত প্রবাসীরা একটি পিকআপ ভ্যানে করে নিয়মিত কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে শাহানিয়া এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই ছয় যাত্রী প্রাণ হারান। দুর্ঘটনার পরপরই স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। বর্তমানে নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট বিভাগ তদন্ত চালাচ্ছে।

এই হৃদয়বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কানাইঘাটের গাছবাড়ি এলাকায়। এদিকে, নিহতদের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে কাতারস্থ বাংলাদেশ দূতাবাস। 

জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক জানান, দূতাবাসের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ ও সমন্বয় করা হচ্ছে যাতে আইনি প্রক্রিয়া শেষ করে শোকসন্তপ্ত পরিবারের কাছে মরদেহগুলো দ্রুত হস্তান্তর করা যায়। দূতাবাস কর্মকর্তারা ইতোমধ্যে সংশ্লিষ্ট হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কাজ করছেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়