News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১৭, ২১ মার্চ ২০২৬

শুভেচ্ছা বার্তার সঙ্গে শাকিবের ‘ঈদ উপহার’

শুভেচ্ছা বার্তার সঙ্গে শাকিবের ‘ঈদ উপহার’

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ও ত্যাগের মহিমায় ভাসছে দেশ। এই আনন্দঘন মুহূর্তে দেশ ও প্রবাসে থাকা কোটি ভক্ত-অনুরাগীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক ও গ্লোবাল সুপারস্টার শাকিব খান। প্রতিবারের মতো এবারও ঈদ উপলক্ষ্যে নতুন সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন তিনি। বরাবরের মতোই হল দখলের লড়াইয়ে নিজের একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছেন এই মেগাস্টার।

শুক্রবার (২০ মার্চ) শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান 'এসকে ফিল্মস'-এর ফেসবুক পেজে এক বিশেষ বার্তার মাধ্যমে এই শুভেচ্ছা জানানো হয়। 

পরবর্তীতে নিজের ব্যক্তিগত ভেরিফায়েড পেজেও বার্তাটি শেয়ার করেন অভিনেতা। লাল পাঞ্জাবি পরিহিত একটি ছবি পোস্ট করে শাকিব খান লেখেন, দেশ ও প্রবাসের সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। পবিত্র এই উৎসব আপনার এবং আপনার পরিবারকে আনন্দ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলুক, আমিন। 

একইসাথে তিনি পৃথিবীময় বাংলা ভাষাভাষীদের কাছে জনপ্রিয় ‘ঈদ মোবারক’ গানটি শোনার মাধ্যমে উৎসব উপভোগ করার আহ্বান জানান। প্রিয় তারকার এই শুভেচ্ছা বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিম্যধেই ব্যাপক সাড়া ফেলেছে।

আরও পড়ুন: ঈদে মুক্তির পথে শাকিব খানের ‘প্রিন্স’সহ পাঁচ সিনেমা

ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশের সিনেমা হলগুলোতে শুরু হয়েছে শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’-এর জয়যাত্রা। প্রাপ্ত তথ্যমতে, দেশের প্রায় সবকটি সিঙ্গেল স্ক্রিন এবং আধুনিক সকল সিনেমাপ্লেক্সে বড় পরিসরে মুক্তি পেয়েছে সিনেমাটি। সারা দেশে ১২০টিরও বেশি প্রেক্ষাগৃহে একযোগে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে। 

হল মালিক ও সংশ্লিষ্টদের ধারণা, বরাবরের মতো এবারও বক্স অফিসে বড় অংকের আয় ঘরে তুলবেন ঢালিউডের এই ‘প্রিন্স’।

ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এটি তার ক্যারিয়ারের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। সিনেমার মূল উপজীব্য নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড ও প্রেক্ষাপট। এতে শাকিব খানকে একজন দুর্ধর্ষ গ্যাংস্টার চরিত্রে দেখা যাবে, যা দর্শকদের মাঝে বাড়তি উন্মাদনা তৈরি করেছে। সিনেমাটি প্রযোজনা করেছেন শিরিন সুলতানা।

‘প্রিন্স’ সিনেমার মাধ্যমে শাকিব খানের সঙ্গে বড় পর্দায় প্রথমবার জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবং ওপার বাংলার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন দিব্যেন্দু ভট্টাচার্য, ইন্তেখাব দিনার, মাহমুদুল ইসলাম মিঠু, শরীফ সিরাজ, লোকনাথ দে, পিয়ান সরকার ও মৃত্যুঞ্জয় ভট্টাচার্যসহ একঝাঁক দেশি-বিদেশি শিল্পী।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়