News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৪, ১১ মার্চ ২০২৬

‘রাক্ষস’-এর আইটেম গানে সিয়ামের সঙ্গে বলিউড অভিনেত্রী নাতালিয়া

‘রাক্ষস’-এর আইটেম গানে সিয়ামের সঙ্গে বলিউড অভিনেত্রী নাতালিয়া

বলিউড ও হলিউডের অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় রয়েছে সিয়াম আহমেদ অভিনীত আলোচিত সিনেমা ‘রাক্ষস’। ছবিটি ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে সিনেমাটির একটি আইটেম গানের শুটিং সেটের ছবি ভাইরাল হওয়ার পর নতুন করে আলোচনা শুরু হয়।

ভাইরাল হওয়া ছবির পর গুঞ্জন ওঠে, আইটেম গানটিতে সিয়ামের সঙ্গে বলিউড ও হলিউডের অভিনেত্রী নাতালিয়া জানোসজেক পারফর্ম করেছেন। এবার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন এবং পরিচালক মেহেদি হাসান হৃদয়।

প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার আজিম হারুন বলেন, এটি ‘রাক্ষস’ ছবির আইটেম গানের শুটিংয়ের একটি দৃশ্য। গানটিতে সিয়াম আহমেদের সঙ্গে নেচেছেন নাতালিয়া জানোসজেক। এটি তার প্রথম বাংলা চলচ্চিত্রে অংশগ্রহণ।

নাতালিয়া ইউরোপীয় বংশোদ্ভূত একজন অভিনেত্রী। তিনি বলিউডের পাশাপাশি হলিউডেও কাজ করেছেন। বলিউডে তার আলোচিত কাজের মধ্যে রয়েছে ‘হাউজফুল ৫’, ‘মাস্তি ৪’ এবং ‘৩৬৫ ডেইজ’। এছাড়া সালমান খানের উপস্থাপনায় জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এও অংশ নিয়েছেন তিনি।

সিয়ামের সঙ্গে আইটেম গানে নাতালিয়ার পারফরম্যান্স নিয়ে পরিচালক মেহেদি হাসান হৃদয় বলেন, “গানটির শুটিং হয়েছে মুম্বাইতে। দারুণ একটি গান হয়েছে। ইউরোপীয় বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী নাতালিয়া সেখানে সিয়ামের সঙ্গে পারফর্ম করেছেন। প্রথমবার কোনো বাংলা ছবিতে পারফর্ম করলেন তিনি। এক কথায় নাতালিয়া দারুণ করেছে। আমার বিশ্বাস গানটি দর্শক-শ্রোতাদের কাছে ভিন্নরকম উত্তেজনা তৈরি করবে।”

এই আইটেম গানটির সংগীত পরিচালনা করেছেন জিএম আশরাফ। গানে কণ্ঠ দিয়েছেন তিনি নিজেই এবং কণ্ঠশিল্পী দোলা। কোরিওগ্রাফি করেছেন বলিউডের কোরিওগ্রাফার আদিল শেখ।

আরও পড়ুন: মাদক মামলা থেকে খালাস পেলেন আসিফ আকবর

পরিচালক আরও জানান, ‘রাক্ষস’ সিনেমায় অ্যাকশন ও ভায়োলেন্সের মাত্রা বেশ বেশি। তার ভাষায়, “বরবাদ সিনেমার চেয়ে তিন গুণ বেশি ভায়োলেন্স রয়েছে সিয়ামের ‘রাক্ষস’-এ।”

ছবিতে সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়