মাদক মামলা থেকে খালাস পেলেন আসিফ আকবর
আসিফ আকবর। ফাইল ছবি
লাইসেন্স ছাড়া বিদেশি মদ রাখার অভিযোগে দায়ের করা মাদক মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর।
সোমবার (৯ মার্চ) ঢাকার আদালত এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলার সাক্ষ্যগ্রহণ শেষে আত্মপক্ষ সমর্থনের শুনানিতে আসিফ আকবর নিজেকে নির্দোষ দাবি করেন। যুক্তিতর্ক উপস্থাপনের পর আদালত তাকে অভিযোগ থেকে খালাস দেন।
মামলার শুনানিতে সিআইডি পুলিশের ইন্সপেক্টর শাহিনুল ইসলাম এবং মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির এসআই জামাল উদ্দিন আদালতে সাক্ষ্য দেন। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি মামলার বাদী সিআইডি পুলিশের এসআই প্রশান্ত কুমার সিকদার সাক্ষ্য দেন। অভিযোগপত্রে উল্লেখ থাকা ৯ জন সাক্ষীর মধ্যে তিনজনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের ৫ জুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় আসিফ আকবরকে গ্রেপ্তার করা হয়। তার অফিস কক্ষে চার বোতল বিদেশি মদ পাওয়া যায়, যা পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়।
আরও পড়ুন: রণবীর সিংয়ের ‘হামজা আলি’ চরিত্রে ফের আসছে ধুরন্ধর: দ্য রিভেঞ্জ
লাইসেন্স ছাড়া বিদেশি মদ নিজের দখলে রাখার অভিযোগে ২০১৮ সালের ২৩ জুলাই তেজগাঁও থানায় মামলা দায়ের করেন সিআইডি পুলিশের এসআই প্রশান্ত কুমার সিকদার। তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ নভেম্বর সিআইডির এসআই জামাল হোসেন আসিফ আকবরের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্র দাখিলের প্রায় পাঁচ বছর পর ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকার প্রথম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








