বাসক পাতায় বাড়তি আয়
বরগুনার পাথরঘাটা উপজেলায় দেড়শ পরিবার গ্রামীণ সড়ক ও বাড়ির আশপাশের পতিত জমিতে বাসক গাছ লাগিয়ে বাড়তি আয় করছে। ওষুধি এ গাছের পাতা বিক্রি করে নিয়মিত আয়ের পরে মাসে কয়েক হাজার টাকা করে আয় হচ্ছে দরিদ্র পরিবারগুলোর। দেশের বৃহত্তম বেশ কয়েকটি ওষুধ কোম্পানি ওষুধের কাঁচামাল হিসেবে ব্যবহারের জন্য এখান থেকে পাতা কিনে নেয়।
বরগুনার পাথরঘাটা সদর ও বামনা ডৌয়াতলা ইউনিয়নে ২০১২ সালে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা সংগ্রাম পরীক্ষামূলকভাবে বাসক চাষ প্রকল্প গ্রহণ করে। বর্তমানে এ প্রকল্পের আওতায় স্থানীয় দেড়শ পরিবার রাস্তা ও বাড়ির আশপাশের পতিত জমিতে বাসক গাছ রোপণ করেছে। গাছটি তৃণভোজী প্রাণির আহার্য না হওয়াতে এবং যে কোনো পরিবেশে টিকে থাকে বলে বিশেষ কোনো যত্ন ছাড়াই রোপণের তিনমাস পরই ডালপালা ছেড়ে পরিপূর্ণ গাছে পরিণত হয়। এর পর শুরু হয় পাতা তোলার কাজ।
চাষিরা জানান, বাসক চাষের জন্য যেমন আলাদা কোনো জায়গার দরকার হয় না তেমনি সার ওষুধ প্রয়োগ বা পাতা তোলা ছাড়া বাড়তি কোনো শ্রমের দরকার হয় না।
স্থানীয় বাসকগাছ চাষি আমেনা বেগম জানিয়েছেন, বাসক পাতার এমন ওষুধি গুনের কথা জানাও ছিল না অনেকের, বিক্রির সুযোগ পেয়ে বাড়তি একটি আয়ের উৎস হিসেবেই ব্যাপক আগ্রহ নিয়ে এখন অনেকেই বাসক গাছ চাষ শুরু করেছেন।
দেশের প্রসিদ্ধ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান স্কয়ার ও একমি স্থানীয় চাষিদের কাছ থেকে প্রতি কেজি বাসক পাতা ৪০ টাকা দরে কিনে নেয় বলে কোম্পানির প্রতিনিধিরা আলাপকালে জানিয়েছেন।
বরগুনার একজন হারবাল চিকিৎসক হাকীম আ. হাই বলেন, “কাশি সারাতে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বাসক পাতার চিকিৎসা অনেক পুরাতন। উন্নত বিশ্বের মতো আমাদের দেশের বড়বড় ওষুধ কোম্পানিগুলো কাচামাল হিসেবে প্রাকৃতিক গাছ-গাছরা ব্যবহার শুরু করেছে এটা খুবই ইতিবাচক।”
আ. মোমেন, আ. জব্বারসহ বেশ কয়েকজন স্থানীয় কৃষক জানান, এ পাতার বিপুল পরিমাণ চাহিদা রয়েছে। এ পর্যন্ত ১০ হাজার কেজিরও বেশি বাসক পাতা তারা বিক্রি করে চার লাখ ৮৬ হাজার টাকা। স্কয়ার ও একমি কোম্পানি এখান থেকে ওষুধের বাসক পাতা কিনে নেয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা সংগ্রাম’র প্রকল্প পরিচালক মো. মানিকুর রহমান জানিয়েছেন, ওষুধ কোম্পানিগুলো সরাসরি কৃষকের কাছ থেকে পাতা কিনে নেয়ায় এখানে মধ্যস্বত্তভোগীদের ঢোকার সুযোগ নেই। চাষিরা নীট লাভ পাচ্ছেন।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক শাহীনূর আজম খান জানান, সরকারের কৃষি বিভাগ মনে করে বাড়ির আশপাশের জমিতে বাসক গাছ রোপণ করে যে কেউ বাড়তি আয় করতে পারে। যদি এভাবে সুযোগ সৃষ্টি করা যায় তবে তারা বাণিজ্যিকভাবে রোপণের ব্যাপারে কৃষদের উদ্বুদ্ধ করবেন।
নিউজবাংলাদেশ.কম/এফএ








