স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৮, ১২ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:৪৮, ১২ আগস্ট ২০২৬

প্রশাসনে নীতিনির্ধারণী ও মাঠপর্যায়ের নেতৃত্বে ৩৩২ নারী কর্মকর্তা

প্রশাসনে নীতিনির্ধারণী ও মাঠপর্যায়ের নেতৃত্বে ৩৩২ নারী কর্মকর্তা

ছবি: সংগৃহীত

প্রশাসনের নীতিনির্ধারণী ও মাঠপর্যায়ে নারীর অংশগ্রহণ আগের তুলনায় বেড়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কয়েকটি সূত্র। তাদের তথ্যমতে, এ মুহূর্তে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৮৭টি সচিব বা সচিব-সমমর্যাদার পদের মধ্যে ১৭টিতে নারী কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। আর ৬৪ জন জেলা প্রশাসকের (ডিসি) মধ্যে নারী কর্মকর্তা রয়েছেন ২১ জন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য বলছে, প্রশাসনে ৩৫০ জন অতিরিক্ত সচিবের মধ্যে ৭০ জন এবং ১ হাজার ২১ জন যুগ্ম সচিবের মধ্যে ২৪৬ জন নারী। ১ হাজার ৪৮০ জন উপসচিবের মধ্যে ৩৭২ জন এবং ৩ হাজার ৩৫০ জন সহকারী ও সিনিয়র সহকারী সচিবের মধ্যে ৯৮৬ জন নারী কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া বর্তমানে দেশের ৪৯৯টি উপজেলার মধ্যে ১৯১টিতে দায়িত্ব পালন করছেন নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। অর্থাৎ প্রায় ৩৯ শতাংশ উপজেলায় প্রশাসনের নেতৃত্বে রয়েছেন নারী কর্মকর্তা। ভূমি প্রশাসনেও নারীদের উপস্থিতি উল্লেখযোগ্য। বর্তমানে ৪৭৮ জন সহকারী কমিশনার (ভূমি)-এর মধ্যে ১১৬ জন নারী, যা মোট পদের ২৪ শতাংশের বেশি। সব মিলিয়ে মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ ১ হাজার ৮৫টি পদের মধ্যে ৩৩২টিতে নারী কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। অর্থাৎ মাঠ প্রশাসনের প্রায় ৩০ দশমিক ৬ শতাংশ গুরুত্বপূর্ণ পদে এখন কাজ করছেন নারীরা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য থেকে পাওয়া যায়, প্রথম শ্রেণির মোট চাকরিজীবী আছেন ২ লাখ ৬ হাজার ৯৭৩ জন। এর মধ্যে নারী কর্মকর্তা ৪৬ হাজার ৯৪৫ জন। দ্বিতীয় শ্রেণির চাকরিজীবীদের মধ্যে নারীর হার অন্য শ্রেণির তুলনায় একটু বেশি। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে ৩৬ শতাংশেরও বেশি নারী চাকরিজীবী আছেন। দ্বিতীয় শ্রেণিতে ২ লাখ ৪০ হাজার চাকরিজীবীর মধ্যে ৮৬ হাজার ৯৯৮ জনই নারী। তৃতীয় শ্রেণিতে ৬ লাখ ৩০ হাজার ৩১৮ জন চাকরিজীবীর মধ্যে ২ লাখ ২৬ হাজার ৫১৭ জনই নারী। অন্যদিকে চতুর্থ শ্রেণির চাকরিতে নারী আছেন ১৬ শতাংশের সামান্য বেশি।

আরও পড়ুন: আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আদিবাসী নই: স্বরাষ্ট্রমন্ত্রী

যেসব মন্ত্রণালয়ে নারী সচিব: এ মুহূর্তে ১৭টি মন্ত্রণালয় ও বিভাগে নারী কর্মকর্তারা সচিবের দায়িত্ব পালন করছেন। তারা হলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নাজমা মোবারেক, পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) নাসরীন জাহান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাহবুবা ফারজানা, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের কানিজ মওলা, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বিলকিস জাহান রিমি, পরিকল্পনা কমিশন শিল্প ও শক্তি বিভাগের সদস্য (সচিব) ড. নূরুন্নাহার চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ফাহমিদা আখতার, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ইয়াসমীন পারভীন, বিদ্যুৎ বিভাগের মিরানা মাহরুখ, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সংস্কার ও সমন্বয়) ফারাহ শাম্মী, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক (সচিব) ড. রওশন আরা বেগম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জেসমিন নাহার এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম। এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত সচিব আছেন ইসরাত চৌধুরী, ফারজানা মমতাজ ও জাহেদা পারভীন।

যেসব জেলার ডিসি নারী: প্রশাসনে আগের সব রেকর্ড ভেঙে বর্তমানে ৬৪ জেলার মধ্যে ২১ জেলার দায়িত্ব সামাল দিচ্ছেন নারী জেলা প্রশাসক (ডিসি)। নারী ডিসিরা হলেন ঢাকায় ফরিদা খানম, শেরপুরে ফরিদা ইয়াসমিন, টাঙ্গাইলে শরিফা হক, মুন্সীগঞ্জে সৈয়দা নূরমহল আশরাফী, নরসিংদীতে ইসরাত জাহান কেয়া, মানিকগঞ্জে নাজমুন আরা সুলতানা, কিশোরগঞ্জে সোহানা নাসরিন, , রাজবাড়ীতে আফরোজা পারভীন, শরীয়তপুরে তাহসিনা বেগম, মাদারীপুরে মর্জিনা আক্তার ও কুমিল্লায় রোজী আক্তার, রাঙামাটিতে নাজমা আশরাফী, ফেনীতে মনিরা হক, নাটোরে আসমা শাহীন, খুলনায় হুরে জান্নাত, সাতক্ষীরায় কাউসার আজিজ, চুয়াডাঙ্গায় লুৎফুন নাহার, মেহেরপুরে শিল্পী রানী রায়, বরগুনায় তাছলিমা আক্তার, কুড়িগ্রামে অন্নপূর্ণা দেবনাথ, পঞ্চগড়ে মোছা. শুকরিয়া পারভীন। 

বিভাগ ভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে নারী ডিসির সংখ্যা সবচেয়ে বেশি। বিভাগের ১৩ জেলার মধ্যে ৯ জেলায় নারী ডিসি দায়িত্ব পালন করছেন। এ ছাড়া খুলনা বিভাগে চারজন, চট্টগ্রাম বিভাগে তিনজন, রংপুর বিভাগে দুজন এবং রাজশাহী ও বরিশাল বিভাগে একজন করে নারী ডিসি রয়েছেন। শুধু জেলা প্রশাসনেই নয়, উপজেলা প্রশাসনেও নারীদের অংশগ্রহণ বেড়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবশেষ তথ্য বলছে, মোট সরকারি চাকরিজীবীর মধ্যে ২৯ শতাংশ নারী। পাঁচ বছর আগেও যা ছিল ২৬ শতাংশ। অর্থাৎ পাঁচ বছরে সরকারি চাকরিতে নারী কর্মী বেড়েছে ৩ শতাংশ।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়