স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:২১, ১৯ অক্টোবর ২০২৬

জিম্বাবুয়ের কাছে হারের পর জরিমানার মুখে বাংলাদেশ

জিম্বাবুয়ের কাছে হারের পর জরিমানার মুখে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শুরুটা দুঃস্বপ্নের মতো হয়েছে বাংলাদেশের। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় ব্যবধানে হারের ধাক্কা সামলানোর আগেই এবার আর্থিক শাস্তির মুখে পড়েছে দলটি। নির্ধারিত সময়ের মধ্যে বোলিংয়ের নির্ধারিত কোটা পূরণ করতে না পারায় বাংলাদেশের খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সোমবার (১৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শাস্তির কথা জানায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। 

আবুধাবিতে গত শনিবার ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে নির্ধারিত সময়ের হিসাব অনুযায়ী এক ওভার পিছিয়ে ছিল বাংলাদেশ। এ অপরাধে দলের বিরুদ্ধে ব্যবস্থা নেন ম্যাচ রেফারি ডেভিড গিলবার্ট। বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয় অভিযোগ স্বীকার করে আইসিসির প্রস্তাবিত শাস্তি মেনে নেওয়ায় এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আরও পড়ুন: আবুধাবিতে ব্যাটিং বিপর্যয়ে হার বাংলাদেশের, ব্যাটারদের দুষলেন তাসকিন

আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করার বিধান রয়েছে। সেই নিয়মেই এক ওভার কম বোলিং করায় বাংলাদেশের ক্রিকেটারদের এই আর্থিক জরিমানা করা হয়েছে। ম্যাচটিতে বাংলাদেশের বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ আনেন অন-ফিল্ড আম্পায়ার আলাউদ্দিন পালেকার ও ইজাতুল্লাহ সাফি, তৃতীয় আম্পায়ার আহসান রাজা এবং চতুর্থ আম্পায়ার আহমেদ শাহ দুররানি।

মাঠের পারফরম্যান্সেও অবশ্য বাংলাদেশের জন্য স্বস্তির কিছু ছিল না। টসের পর ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭১ রান সংগ্রহ করে। জবাবে ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরু থেকেই চাপে পড়ে তাওহীদ হৃদয়ের দল। ব্যাটিং বিপর্যয়ে ৩৩.৪ ওভারেই ১৭২ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ফলে ৯৯ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জিম্বাবুয়ে।

নিয়মিত অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটিতে বাংলাদেশকে নেতৃত্ব দেন হৃদয়। বড় ব্যবধানে পরাজয়ের পর স্লো ওভার রেটের জরিমানা দলের জন্য বাড়তি চাপ তৈরি করেছে। সিরিজের পরবর্তী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ এখন বাংলাদেশের সামনে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়